নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাদক পাচারের বিরুদ্ধে বড়োসড়ো সাফল্য কলকাতা পুলিশের। ইএম বাইপাসের ধারে দত্তাবাদ অপরাজিতা সংঘের সামনে অভিযান চালিয়ে প্রায় ১.৬১৪ কেজি গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশের নারকোটিক সেল। ধৃতের নাম মহম্মদ ইসমাইল ওরফে ছোট্টু (৩৮)। কলকাতার তালতলা বাজার স্ট্রিটের বাসিন্দা অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইএম বাইপাস সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। সেই সময় ধৃতের কাছ থেকে প্রায় ১.৬১৪ কেজি সন্দেহভাজন গাঁজাউদ্ধার করা হয়। গতকাল রাত প্রায় ১টা ১০ মিনিট নাগাদ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি ও বাজেয়াপ্তের সম্পূর্ণ প্রক্রিয়া একজন গেজেটেড অফিসার এবং দুই স্বাধীন সাক্ষীর উপস্থিতিতে সম্পন্ন হয়। পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে গোটা অভিযানের ভিডিওগ্রাফিও করা হয়। গাজার পাশাপাশি ধৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন এবং কিছু নগদ উদ্ধার হয়েছে। পুলিশ আরও জানায়, এর আগেও এনডিপিএস মামলায় দোষী সাব্যস্ত হয়ে ১২ বছরের কারাদণ্ড হয়েছিল ইসমাইল। আজ ধৃতকে শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে।



