নিজস্ব প্রতিনিধি, বারাসত: হঠাৎ অসুস্থ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়িক রেখা পাত্র। বর্তমানে কলকাতার নামী বেসরকারি হাসপাতাল তাঁর চিকিৎসা চলছে। সূত্রের খবর, হাসপাতালের আইটিইউয়ের ১০ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। পাশাপাশি তাঁর শরীরে বিষক্রিয়ার প্রভাব রয়েছে বলেও সূত্রের দাবি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হিঙ্গলগঞ্জের বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিধায়িক। পরিস্থিতি বেগতিক বুঝে তড়িঘড়ি তাঁকে প্রথমে হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আর বসিরহাট হাসপাতালে তাঁকে সিসিইউতে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসার পরেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে কলকাতার একটি নামি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।
সূত্রের দাবি, বসিরহাট থেকে কলকাতায় নিয়ে যাওয়ার সময়ও তাঁর জ্ঞান ছিল না। অক্সিজেন ও স্যালাইন সাপোর্টে রেখেই তাঁকে স্থানান্তরিত করা হয়। সবচেয়ে চাঞ্চল্যকর দাবি, বিধায়িকার বাড়ি থেকে বিষের বোতল উদ্ধার হয়েছে বলেও সূত্র মারফত খবর। এর সঙ্গে বিধায়িকের অসুস্থতার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। কী কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন রেখা পাত্র? তাঁর শরীরে কী ধরনের বিষক্রিয়ার প্রভাব রয়েছে? বাড়ি থেকে উদ্ধার হওয়া বোতলের সঙ্গে কি এই অসুস্থতার কোনও সম্পর্ক রয়েছে? নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? আপাতত এই সমস্ত প্রশ্নের উত্তর অধরা। তবে বিধায়কের অসুস্থতা নিয়ে রহস্যজনক ভাবেই পরিবার বা বিজেপি নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছেন।



