Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপ উপভোগই লক্ষ্য হরমনপ্রীতদের

ঘরের মাঠে মহিলাদের ওডিআই বিশ্বকাপে মঙ্গলবার অভিযান শুরু করছে ভারত। গুয়াহাটিতে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হরমনপ্রীত কাউররা। অতীতে কখনও মহিলাদের ওডিআই বিশ্বকাপ জেতেনি টিম ইন্ডিয়া।

বিশ্বকাপ উপভোগই লক্ষ্য হরমনপ্রীতদের
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: ঘরের মাঠে মহিলাদের ওডিআই বিশ্বকাপে মঙ্গলবার অভিযান শুরু করছে ভারত। গুয়াহাটিতে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হরমনপ্রীত কাউররা। অতীতে কখনও মহিলাদের ওডিআই বিশ্বকাপ জেতেনি টিম ইন্ডিয়া। এবার তাই প্রত্যাশার পারদ তুঙ্গে। ক্যাপ্টেন হরমনপ্রীত চাইছেন টুর্নামেন্ট উপভোগ করতে। শুক্রবার ক্যাপ্টেনদের সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ‘দেশকে নেতৃত্ব দেওয়া যে কোনও ক্রিকেটারের কাছে সব সময়ই স্পেশাল মুহূর্ত। একদিনের বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া আরও বেশি স্পেশাল। তার উপর, ঘরের মাঠে আমরা বিশ্বকাপ খেলব। তাই এই অনুভূতি অনন্য। মাঝে মাঝে তো অবিশ্বাস্য মনে হচ্ছে। কেরিয়ারের শুরুতে কখনও ভাবিনি দেশকে নেতৃত্ব দেব। এখন সেই গুরুদায়িত্বই আমার কাঁধে। আমি আপ্লুত। ১২ বছর পর আমাদের দেশে হচ্ছে একদিনের বিশ্বকাপ। নিঃসন্দেহে দুর্দান্ত মঞ্চ। তবে চাপ এড়াতে হবে। তার জন্য দরকার ক্রিকেট উপভোগ করা।’

Advertisement

ভারত আয়োজক হলেও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি হবে কলম্বোয়। ৫ অক্টোবরের এই ম্যাচ নিয়ে এখন থেকেই পারদ চড়ছে। সংযুক্ত আরব আমিরশাহিতে চলতি এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচ নিয়ে ঠিক যেমন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশাতে চাইছেন না হরমনপ্রীত। তিনি বাইশ গজেই ফোকাস রাখছেন। তাঁর কথায়, ‘আমাদের হাতে শুধু মাঠে নেমে ক্রিকেট খেলাটাই রয়েছে। আমরা সেটাই করব। অন্য কিছু মাথায় রাখছি না। ক্রিকেটার হিসেবে যেটুকু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে, সেটুকু নিয়েই ভাবছি। ড্রেসিং-রুমেও অন্য কিছু নিয়ে আলোচনা হচ্ছে না। ক্রিকেট খেলতেই এসেছি। আমাদের ফোকাসও শুধু ক্রিকেটে।’
ভারতে মহিলাদের ক্রিকেটের প্রসার নিয়ে হরমনপ্রীত বলেছেন, ‘২০১৭ বিশ্বকাপ ভারতে মহিলাদের ক্রিকেটের ছবিটা পাল্টে দিয়েছিল। এতে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। এখন ভারতে প্রচুর প্রতিভা। মহিলাদের প্রিমিয়ার লিগও বড় ভূমিকা নিয়েছে আমাদের জীবনে। খেলার সময় জাতীয় সঙ্গীত যখন বাজে তখন ঠিক কেমন অনুভূতি হয়, তা ভাষায় বোঝানো অসম্ভব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ