Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

হাতে তৈরি ভাইফোঁটার উপহার

কখনও ভাব, কখনও আড়ি। সারাদিন খুনসুটি অথবা মারামারি। আবার দূরে গেলে একে অপরের জন্য মনখারাপ। ভাইবোনের সম্পর্ক যেন শরতের প্রকৃতির মতো।

হাতে তৈরি ভাইফোঁটার উপহার
  • ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কখনও ভাব, কখনও আড়ি। সারাদিন খুনসুটি অথবা মারামারি। আবার দূরে গেলে একে অপরের জন্য মনখারাপ। ভাইবোনের সম্পর্ক যেন শরতের প্রকৃতির মতো। রোদ-বৃষ্টির সহাবস্থান সেখানে। আর এই সম্পর্ক উদযাপনের জন্যই ভাইফোঁটা। এদিন কিন্তু ঝগড়াঝাটি নয়। বরং উপহার দিয়ে চমকে দিন আপনার ভাই বা বোনকে। কীভাবে? চমক দিতে নিজের হাতেই বানিয়ে ফেলুন উপহার। বাজেট ফ্রেন্ডলিও হল, আবার সঙ্গে রইল আপন মানুষের স্পর্শ। এর থেকে ভালো কম্বিনেশন আর কী-ই বা হতে পারে! হাতে তৈরি শুভেচ্ছাবার্তার কার্ড আপনি তৈরি করতেই পারেন। তা ছাড়া আর কী কী উপহার দেওয়া যেতে পারে? 

Advertisement

• পছন্দের খাবার: আপনার দাদা বা ভাই কি খাদ্যরসিক? তাহলে তো কথাই নেই! নিজের হাতে বানিয়ে ফেলুন তাঁর পছন্দের খাবার। রান্না করতে যদি আপনি পছন্দ করেন, তাহলে রকমারি নানা পদ খাওয়াতে পারেন বিশেষ দিনে। তা না হলেও উপায় রয়েছে। এখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রান্না শেখা যায় সহজেই। সেখান থেকে নতুন রেসিপি শিখে একবার ট্রাই করা যেতেই পারে। ভাইফোঁটায় আপনার এমন উদ্যোগ, ভাই কিন্তু মনে রাখবে। এখন নানারকম চকোলেট, কুকিজ, পেস্ট্রি, কেক, মিষ্টি সহজেই তৈরি করা যায় বাড়িতে। ভিডিও দেখে সেগুলিও বানাতে পারেন। চকোলেটের মধ্যে ভাই, দাদার নাম লিখে সারপ্রাইজ দেওয়া যেতে পারে। হাতে বানানো মোড়ক দিয়ে সেই চকোলেট, কুকিজ মুড়ে দিন।
• ফোটোফ্রেম: ছোট থেকে নানা মুহূর্তের সাক্ষী থাকেন ভাইবোনরা। কঠিন পরিস্থিতিতে একে অপরের পাশে থাকা হোক বা ভালো মুহূর্তে সঙ্গ দেওয়া— দাদা বা ভাইয়ের সঙ্গে ছবি তুলতে ভোলেন না বোন-দিদিরা। সেই সব মুহূর্তের কোলাজ তৈরি করতে পারেন। আর সেই কোলাজ দিয়ে হাতে বানিয়ে ফেলুন ফোটোফ্রেম। সেটাই হতে পারে ভাইফোঁটার উপহার। কীভাবে বানাবেন? একটি কার্ডবোর্ড জোগাড় করুন। তার উপরে রঙিন কাগজ লাগিয়ে শোলার ফুল, ঝিনুক সহ নানা উপকরণ দিয়ে সাজাতে পারেন। এবার ওই কোলাজ ছবিটি লাগিয়ে দিন আঠা দিয়ে। ব্যস, তাহলেই আপনার ফোটোফ্রেম রেডি। ফোটোফ্রেম ছাড়াও হাতে বানানো ডায়রিও উপহার দিতে পারেন। সেখানে লিখে দিন আপনাদের কাটানো বিশেষ মুহূর্তগুলির কথা। 
• হাতে বানানো গয়না: কথায় বলে, অলংকার নারীর ভূষণ। তাই এ বছর দিদি বা বোনকে হাতে বানানো গয়না গিফট করতে পারেন। এগুলি বানানো ভীষণ সহজ। কাগজের বোর্ডে পছন্দের ডিজাইনে কেটে, তার উপর রঙিন কাগজ, পুঁতি দিয়ে সাজাতে পারেন। এবার হার তৈরি করতে চাইলে সেটিকে সুতোয় জুড়ে দিন। আবার কানের দুল তৈরি করতে চাইলে লাগিয়ে দিন গুঁজির সঙ্গে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে শিখে নিতে পারবেন বানানোর প্রক্রিয়া। দুল বা হারের লকেটে ছবিও এঁকে দিতে পারেন। লিখতে পারেন কোনও বিশেষ বার্তা। শাড়ির সঙ্গে হাতে বানানো গয়না বেশ মানানসই। কেবল মহিলারাই নন, পুরুষদের ফ্যাশনেও এই ধরনের গয়না ট্রেন্ডিং। এছাড়াও সাদা টি-শার্ট বা ব্যাগ কিনে তাতে ছবি এঁকে উপহার দিতে পারেন। 
• গাছের টব: গার্ডেনিং অনেকেরই শখ। গাছের যত্নই যদি শখ হয়, টব উপহার দেওয়া যেতে পারে। সাদা টব কিনে সেটিতে এঁকে দিন পছন্দ মতো দৃশ্য। গঙ্গার ঘাট, পাহাড়, সমুদ্র, জঙ্গল— যা খুশি। আবার ক্যালিগ্রাফির মাধ্যমে নামও লিখতে পারেন। সেই টবে মানিপ্লান্ট বা অন্যান্য গাছ বসিয়ে ভাইফোঁটার 
গিফট দিন। 
• বুকমার্ক: আপনার ভাই বা বোন কি বইপোকা? তাহলে বুকমার্ক হতে পারে দারুণ গিফট আইডিয়া। একটু মোটা কাগজ আয়তাকারে কেটে তার উপর পছন্দের চরিত্রের ছবি এঁকে দিন। তাহলেই তৈরি বুকমার্ক। পড়ুয়াদের জন্য এটা সেরা উপহার। এছাড়াও হাতে তৈরি করতে পারেন কি-রিং, পেন স্ট্যান্ড, ডেস্ক অর্গানাইজার তৈরি করতে পারেন। 
শান্তনু দত্ত

Advertisement
সম্পর্কিত সংবাদ