ভিয়েনা: এবার অস্ট্রিয়ার গ্রাজ শহরের স্কুলে বন্দুকবাজের তাণ্ডব। মঙ্গলবার সকালের এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত আরও বেশ কয়েকজন। মৃতদের মধ্যে রয়েছেন স্কুলের শিক্ষক, পড়ুয়ারা। পুলিস জানিয়েছে, আততায়ী যুবকের বয়স ২১ বছর। গ্রাজের মেয়র জানিয়েছেন, ঘটনার পর মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে সে। তদন্ত জারি রয়েছে। এদিন সকাল ১০টা নাগাদ স্কুলে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে আততায়ী। ঘটনাস্থলে পৌঁছায় পুলিস। স্কুল চত্বর খালি করে দেওয়া হয়। সাড়ে ১১টা নাগাদ এক্স হ্যান্ডলে পুলিস জানায়, সকলকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবারের এই ঘটনাকে ‘দুঃখজনক দুর্ঘটনা’ আখ্যা দিয়েছেন গ্রাজের মেয়র এলকে কাহর। অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিস্টিয়ান স্টকার বলেন, ‘এই কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’



