নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অন্তর্বর্তী নির্বাচনে মহাধাক্কা খেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার কয়েকদিনের মধ্যে সামনে এসেছে মার্কিন বহুজাতিক প্রযুক্তি সংস্থা এনভিডিয়ার প্রধান কর্তা এক চীনা স্পাইয়ের হানিট্র্যাপের শিকার হয়েছেন। কী কী গোপন চিপ-তথ্য তিনি পরোক্ষে চীনের হাতে পৌঁছে দিয়েছেন, তা নিয়ে ইতিমধ্যে দুনিয়া তোলপাড়। আবার ইরান এবং ইউক্রেনের মতো অপেক্ষাকৃত কম শক্তিশালী দুই দেশকে কিছুদিনের মধ্যেই পদানত করার কথা ভেবেছিল দুই সুপারপাওয়ার আমেরিকা ও রাশিয়া। কিন্তু বাস্তবে সেটা হয়নি। অন্তহীন যুদ্ধ চলছে বিশ্বের দুই প্রান্তে। ট্রাম্প এবং পুতিন এত শক্তিমান হওয়া সত্ত্বেও এই দুই প্রতিপক্ষকে কবজা করতে ব্যর্থ। বরং এই দুই যুদ্ধ আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক সমীকরণকে রীতিমতো অনিশ্চয়তার খাদের কিনারায় নিয়ে এসেছে। বিশ্ব অর্থনীতি টালমাটাল। সব মিলিয়ে চরম এক অনিশ্চিত এবং অস্থির বিশ্ব তৈরি হয়েছে। ঠিক এরকমই এক আবহে হঠাৎ চীনের ‘সিলিকন ভ্যালি’ শেনঝেনে একান্ত ত্রিপাক্ষিক এক বৈঠকে মিলিত হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন এবং জি জিনপিং। আগামী সপ্তাহে এশিয়া প্যাসিফিক ইকনমিক কর্পোরেশনের তিনদিনের সম্মেলন আয়োজন করেছে জিনপিংয়ের দেশ। সেই সম্মেলনে যোগ দিতে যাবেন ট্রাম্প এবং পুতিন। সম্মেলনের ফাঁকেই আগামী ১৯ নভেম্বর পৃথকভাবে হতে চলেছে এই মেগাবৈঠক, যা ত্রিশক্তিচালিত বিশ্ব ইতিহাসে এই প্রথম।
ত্রিশক্তি অর্থাৎ আমেরিকা, রাশিয়া এবং চীন। এই তিন দেশ বস্তুত সুপারপাওয়ার হয়ে উঠেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী দুনিয়ায়। সেখানকার রাষ্ট্রপ্রধানরা একে অন্যের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কিন্তু একসঙ্গে তিন সুপারপাওয়ার মুখোমুখি আলোচনায়, এমনটা আগে কখনো দেখা যায়নি। হঠাৎ ট্রাম্প, পুতিন এবং জিনপিং একান্ত বৈঠকে মিলিত হচ্ছেন কেন? প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই বৈঠকের অন্যতম অ্যাজেন্ডা যুদ্ধ এবং সমরাস্ত্র। ইরান ও ইউক্রেনের যুদ্ধ তো বটেই, ইজরায়েলের আগ্রাসী আক্রমণের পরিসমাপ্তিও আলোচনার প্রধান উপজীব্য। ঘটনাচক্রে দুনিয়ার কোনো রীতিনীতি না মানা এবং রাষ্ট্রসংঘের উপর্যুপরি আবেদন উড়িয়ে দেওয়া ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল সাম্প্রতিক নির্বাচনে গরিষ্ঠতা পায়নি। অতএব তিনিও কোণঠাসা। এমতাবস্থায় ব্যাকফুটে থাকা ট্রাম্প বিশ্বশান্তি এবং বাণিজ্য পরিস্থিতিকে আবার স্বাভাবিকতায় ফিরিয়ে এনে মুখরক্ষার ফরমুলা খুঁজছেন। বৈঠকের দ্বিতীয় আলোচ্য হল, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ। এই মুহূর্তে বিশ্বে সবথেকে বেশি ‘নিউক্লিয়ার ওয়ারহেড’ রয়েছে রাশিয়ার কাছে। দ্বিতীয় স্থানে আমেরিকা। তৃতীয় চীন। এই তিন দেশের কাছে সরকারিভাবে যে পরিমাণ পরমাণু অস্ত্র আছে, তা গোটা বিশ্বকে ধ্বংসের জন্য যথেষ্ট! ইরানের পরমাণু গবেষণা ও ভাণ্ডার বন্ধ করার লক্ষ্যেই তেহরানকে শিক্ষা দিতে চেয়েছিলেন ট্রাম্প। কিন্তু ঘরে-বাইরে তিনি সমালোচিত এবং ব্যর্থই। পরিকাঠামোগতভাবে যথেষ্ট ক্ষতি করলেও ইরানকে এখনও আত্মসমর্পণে রাজি করানো যায়নি। শীঘ্রই যুদ্ধে ইতি না টানলে ইরানের বেনজির স্ট্র্যাটেজির কারণে আরও বড়ো অর্থনৈতিক সংকট আসবে বলে শংকা। কারণ, মার্কিন অথবা ইজরায়েলের মিসাইলের জবাবে ইরান পালটা আমেরিকার বন্ধু আরব দুনিয়ায় মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেই চলেছে। বৃহস্পতিবারই বাহরিনে মিসাইল নিক্ষেপ করেছে তেহরান। সৌদি আরব অথবা সংযুক্ত আরব আমিরশাহি ত্র্যস্ত যখন তখন ইরানি আক্রমণে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছে তিন সুপারপাওয়ার?
শনিবার হোয়াইট হাউস এই বৈঠকের কথা ঘোষণা করলেও সঙ্গে দিয়েছে একটি সতর্কবার্তা—একটি বৈঠকের পর বিশ্ব পরিস্থিতি আমূল বদলে যাবে এতটা প্রত্যাশা করা উচিত হবে না। তবে একটি সূত্রপাত হচ্ছে। সেটাই সবথেকে তাৎপর্যপূর্ণ। দুনিয়ার অস্থির সময়ে তিন সুপারপাওয়ারের এমন একান্ত আলোচনার সঙ্গে আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই তুলনা শুরু করেছে ইয়াল্টা বৈঠকের। ১৯৪৫ সালে ক্রিমিয়ার এই শহরে বসেছিল বিশেষ বৈঠক। সেই সময় যে তিন রাষ্ট্র ছিল সুপারপাওয়ার, সেই আমেরিকা, গ্রেট ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়ন বৈঠক করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভবিষ্যৎ কর্মসূচি ঠিক করতে। সেরকমই কোনো বাঁক বদলের সূত্রপাত অপেক্ষা করছে আগামী সপ্তাহের বৈঠকে?



