লাহোর: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে আইনি নোটিস দিল পাকিস্তান মারকাজি মুসলিম লিগ। রাজনৈতিক দলটির সঙ্গে মুম্বই জঙ্গি হামলার মূলচক্রী হাফিজ সাইদের যোগ রয়েছে। গুজরানওয়ালা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। ভোটে জয়ী হন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের প্রার্থী রশিদ বশির ভির্ক। এই ফলাফল মানতে রাজি হয়নি পিএমএমএল। তাদের অভিযোগ, কারচুপি করে ভোটে জিতেছে মারিয়মের দল। পালটা জবাব দেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী। এই রাজনৈতিক দলকে ‘নিষিদ্ধ’ও ‘বেআইনি’ আখ্যা দেন তিনি। জঙ্গি সংগঠনও বলেন। তারই উত্তরে শুক্রবার মারিয়ামকে আইনি নোটিস দিয়েছে পিএমএমএল। সেখানে সাতদিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত যাবতীয় পোস্ট মুছে ফেলার দাবি জানানো হয়েছে।



