ভিয়েনা, ১০ জুন: অষ্ট্রিয়ার স্কুলে বন্দুকবাজের হামলা। জানা গিয়েছে, ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম বেশ কয়েকজন। পুলিস জানিয়েছে, হামলার পরই আত্মহত্যা করে আততায়ী। ফলে হামলার কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনাটি ঘটেছে অষ্ট্রিয়ার গ্রাজ অঞ্চলের একটি স্কুলে। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই দাবি করেছেন শহরের মেয়র এলকে কাহর। তিনি জানিয়েছেন, এলোপাথাড়ি গুলিতে বেঘোরে প্রাণ হারিয়েছেন কয়েকজন পড়ুয়া ও শিক্ষাকর্মী। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। একইসঙ্গে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়েও।
ঘটনা প্রসঙ্গে তদন্তকারীদের দাবি, আজ মঙ্গলবার সকাল ১০টা (স্থানীয় সময়) নাগাদ খবর পেয়ে অকুস্থলে হাজির হয় বিশাল পুলিস বাহিনী। বেশ কয়েকজন পড়ুয়া ও শিক্ষাকর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তদন্তকারী এক অফিসার জানান, বন্দুকবাজের হামলায় ৯ জন পড়ুয়া এবং ১ জন শিক্ষাকর্মী প্রাণ হারিয়েছেন। অষ্ট্রিয়ার মতো দেশে সাধারণ কারও পক্ষে বন্দুক ব্যবহার করা মোটেই সহজ নয়। উপযুক্ত লাইসেন্স ছাড়া বন্দুক রাখলে শাস্তিও মেলে। এছাড়া মেশিনগান জাতীয় বন্দুক রাখা একেবারেই বেআইনি। তা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।