নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৭ সালের জুলাই মাসে দেশে জিএসটি ব্যবস্থা কার্যকর হয়। জিএসটি সংক্রান্ত সমস্যার সুরাহার জন্য ট্রাইবিউনাল চালুর দাবি করেছিল বিভিন্ন মহল। তাতে করদাতা ও সরকারের মধ্যে আইনি সংঘাত কমবে। কিন্তু তা নিয়ে এতদিন রা কাড়েনি কেন্দ্র। অবশেষে এরাজ্যে জিএসটি ট্রাইবিউনাল চালু করার উদ্যোগ নেওয়া হয়। আগামী ১ ডিসেম্বর থেকে তা চালু হওয়ার কথা জানায় জিএসটি কর্তৃপক্ষ। কিন্তু সেই ট্রাইবিউনাল চালু হওয়া নিয়ে ফের জটিলতা তৈরি হয়েছে। ট্রাইবিউনাল চালু করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায় থেকেই জটিলতা। ট্রাইবিউনাল রিফর্মস আইনের (২০২১) কিছু অংশ বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত। তার ফলে ট্রাইবিউনালের সদস্য নিয়োগ, মেয়াদ ও অন্যান্য বিষয়গুলি অনিশ্চিত হয়ে পড়েছে। সেন্ট্রাল জিএসটি বিভাগের কলকাতা জোনের প্রিন্সিপাল চিফ কমিশনার শ্রবণ কুমার এক অনুষ্ঠানে বলেন, সুপ্রিম কোর্টের ওই রায়ে গোটা বিষয়ে জটিলতা তৈরি হয়েছে। ঠিক ছিল, আগামী ১ ডিসেম্বর ট্রাইবিউনাল চালু হবে। কিন্তু এখন হলফ করে বলা যাচ্ছে না, তা ওইদিন চালু হবে কি না। তিনি জানান, আলিপুরে ওই ট্রাইবিউনাল সংক্রান্ত পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে। নিয়োগও হয়ে গিয়েছে সদস্যদের। কিন্তু এরপর কী হবে, তা স্পষ্ট নয়।



