নয়াদিল্লি: উৎসবের মরশুমে চাহিদা বৃদ্ধির সুফল। জিএসটি হারে কাটছাঁট সত্ত্বেও অক্টোবরে সামগ্রিক কর সংগ্রহের পরিমাণ দাঁড়াল প্রায় ১.৯৬ লক্ষ কোটি টাকা। গত বছরের অক্টোবরের তুলনায় জিএসটি সংগ্রহের এই পরিমাণ ৪.৬ শতাংশ বেশি। শনিবার প্রকাশিত সরকারি তথ্য থেকে একথা জানা গিয়েছে। যদিও করের হার কমার জেরে এই অপ্রত্যক্ষ কর সংগ্রহ বৃদ্ধির হার চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত অক্টোবরেই শ্লথতম হয়েছে। গত ২২ সেপ্টেম্বর নবরাত্রির প্রথম দিন থেকে জিএসটির এই সংশোধিত হার চালু হয়েছিল। সব মিলিয়ে ৩৭৫টি পণ্যে জিএসটির হার কমেছে। এদিন প্রকাশিত সরকারি তথ্য বলছে, গত বছর অক্টোবরে জিএসটি সংগ্রহ হয়েছিল ১.৮৭ লক্ষ কোটি টাকা। সেই তুলনায় জিএসটির হার কমা সত্ত্বেও চলতি বছরের অক্টোবরে সংগ্রহের পরিমাণ ১.৯৬ লক্ষ কোটি টাকা। এপ্রসঙ্গে প্রাইস ওয়াটারহাউস অ্যান্ড কোম্পানি এলএলপি পার্টনার প্রতীক জৈন বলেন, ২২ সেপ্টেম্বর থেকে জিএসটি হারে বিশাল কাটছাঁট সত্ত্বেও ডোমেস্টিক জিএসটি কালেকশন সামান্য বৃদ্ধি পেয়েছে। এর অর্থ, চাহিদা বৃদ্ধির হাত ধরেই জিএসটি সংগ্রহের হার বেড়েছে।



