সিমলা, ১০ নভেম্বর: পাহাড়ে শূন্যে ওড়ার আশা নিয়ে ঘুরতে এসেছিলেন। কিন্তু মুহুর্তের মধ্যেই সেটি বদলে গেল চরম আতঙ্কে। মাটি থেকে ১০০ মিটার উপরে ঝুলছে হাইটেনশন বিদ্যুতের তার। আর প্যারাগ্লাইডিং করতে গিয়ে তাতেই আটকে গেলেন এক রুশ পর্যটক। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের টানডু এলাকায়। তবে শেষমেশ সেনা এবং বিপর্যয় মোকাবিলা দলের যৌথ উদ্যোগে ওই পর্যটককে উদ্ধার করা হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই রুশ পাইলটের নাম অ্যালেক্সি। তিনি প্যারাগ্লাইডিংয়ের বিশ্ববিখ্যাত কাংড়া জেলার বীর বিলিং থেকে প্যারাগ্লাইডিং শুরু করেছিলেন। কিন্তু মাণ্ডির আকাশ দিয়ে যাওয়ার সময় আচমকাই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। টানডু এলাকার কাছে পাহাড়ের খাদে থাকা হাই-টেনশন বিদ্যুতের তারে তাঁর প্যারাগ্লাইডারটি জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে মাটি থেকে কয়েকশো ফুট উপরে বিপজ্জনকভাবে ঝুলতে থাকেন। সামান্য একটু নড়াচড়া করলেই ঘটতে পারত ভয়াবহ দুর্ঘটনা। তবে বিপদের মুখে দাঁড়িয়েও বুদ্ধিমত্তার পরিচয় দেন অ্যালেক্সি। শূন্যে ঝুলন্ত অবস্থাতেই পকেট থেকে মোবাইল ফোন বের করে নিজের লাইভ লোকেশন ও কয়েকটি ছবি সরাসরি ওই প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশনকে পাঠিয়ে দেন। সেই তথ্য বিদ্যুৎগতিতে পৌঁছয় মাণ্ডি জেলা প্রশাসনের কাছে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত ময়দানে নামেন মাণ্ডির জেলাশাসক অপূর্ব দেবগন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, এবং স্থানীয় একটি নির্মাণ সংস্থাকে নিয়ে একটি দল গঠন করা হয়। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে ভারতীয় বায়ুসেনার চপারেরও সাহায্যও চাওয়া হয়েছিল। তবে বায়ুসেনা নামার আগেই এনএইচএআই-এর বিশাল হাইড্রোলিক ক্রেনের সাহায্যে ৩ ঘণ্টার চেষ্টায় সুরক্ষিতভাবে নামিয়ে আনা হয় ওই রুশ পর্যটককে। চরম তৎপরতায় বড়োসড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জেলা-প্রশাসন।



