গুমি (দক্ষিণ কোরিয়া): এশিয়ান অ্যাথেলেটিকস চ্যাম্পিয়নশিপে সোনালি দিনের সাক্ষী থাকল ভারত। বৃহস্পতিবার পদক তালিকায় যোগ হল তিন-তিনটি সোনা। পুরুষদের ৩ হাজার মিটার স্টিপলচেজে অবিনাশ সাবলে ও মহিলাদের ১০০ মিটার হার্ডলসে জ্যোতি ইয়ারাজ্জির পাশাপাশি সাফল্যের আলো ছড়াল মহিলাদের ৪×৪০০ মিটার রিলে দল।
ঝলমলে দিনের শুরুটা করেছিলেন অবিনাশ সাবলে। দীর্ঘ ৩৬ বছর পর এই আসরে ভারতকে পুরুষদের ৩ হাজার মিটার স্টিপলচেজে সোনা এনে দিলেন তিনি। সময় নিলেন ৮ মিনিট ২০.৯২ সেকেন্ড। এর আগে ২০১৯ সালে এশিয়ান মিটে রপো পেয়েছিলেন অবিনাশ। উল্লেখ্য, ১৯৮৯ সালে এশিয়ান অ্যাথেলেটিকস চ্যাম্পিয়নশিপের স্টিপলচেজে সোনা জিতেছিলেন দিনা রাম। তাঁর আগে ১৯৭৫ সালে প্রথম ভারতীয় হিসেবে এই ইভেন্টে সোনা জেতেন হারবেল সিং। এবার সেই পথে হাঁটলেন সাবলে। রুপো পান জাপানের ইউতারো নিনা (৮ মিনিট ২৪.৪১ সেকেন্ড)।
মহিলাদের ১০০ মিটার হার্ডলসে ফেভারিট হিসেবেই ট্র্যাকে পা রেখেছিলেন জ্যোতি ইয়ারাজ্জি। প্রত্যাশা পূরণে সফল তিনি। সোনা জয়ের পথে জ্যোতি সময় নেন ১২.৯৬ সেকেন্ড, যা নতুন গেমস রেকর্ডও বটে। এশিয়ান মিটে এই নিয়ে টানা দ্বিতীয়বার সোনা জিতলেন তিনি। রুপো ও ব্রোঞ্জ জিতেছেন যথাক্রমে জাপানের ইয়ুমি তানাকা এবং চীনের উ-ইয়ান্নি। এছাড়াও সোনা এসেছে মহিলাদের ৪×৪০০ মিটার রিলেতে। জিসনা ম্যাথিউ, রুপাল চৌধুরি, কুঞ্জ রাজিতা ও শুভা বেঙ্কটেশনকে নিয়ে গঠিত ভারতীয় দল সময় নেয় ৩ মিনিট ৩৪.১৮ সেকেন্ড। এই ইভেন্টে ভিয়েতনাম রুপো ও শ্রীলঙ্কা ব্রোঞ্জ জিতেছে। উল্লেখ্য, চলতি আসরে ভারতের সোনার সংখ্যা এখন ১০, যা ২০১৩ সালের পর সেরা পারফরম্যান্স।
মহিলাদের মতো সোনা জয়ের আশা জাগিয়ে ৪×৪০০ মিটার রিলের ফাইনালে উঠেছেন ভারতের ছেলেরা। এই দলে রয়েছেন রিনস জোসেফ, ধরমবীর চৌধুরি, মানু থেক্কিনালিল সাজি ও মোহিত কুমার। হিটে শীর্ষস্থান দখলের পথে তাঁরা সময় নেন ৩ মিনিট ০৬.২৮ সেকেন্ড।