ওয়াশিংটন: ঘোষণা হয়েছিল আগেই। বুধবার অবশেষে সরকারিভাবে ‘গোল্ড কার্ড’ ভিসা কার্যকর করল আমেরিকার ট্রাম্প প্রশাসন। এখন থেকে আমেরিকায় স্থায়ী ভাবে বসবাস আগ্রহীরা এই ভিসার আবেদন করতে পারবেন। প্রয়োজনে দ্বিগুণ টাকা দিয়ে কর্মীদের রাখতে পারবে মার্কিন কোম্পানিগুলিও। ভিসা চালু করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘বিদেশের বহু দক্ষ ও প্রতিভাবান মানুষ এই দেশে থাকতে পারেন না। কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাওয়ার পর ভারত, চীন ও ফ্রান্সের মতো দেশগুলির মেধাবী পড়ুয়াদের ফিরে যেতে হয়। পড়ুয়াদের প্রায় ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে। বিষয়টা অত্যন্ত লজ্জাজনক। এখন থেকে আর এই সমস্যা থাকবে না।’ তিনি আরও বলেন, ‘এতদিন ওই সব লোকজন কানাডা ও অন্যান্য দেশে চলে যেতেন। সেই ঝামেলা মিটতে চলেছে। আমরা কয়েকশো কোটি ডলার আয় করতে পারব।’ হোয়াইট হাউস সূত্রে খবর, ‘গোল্ড কার্ড’ অনেকটা দীর্ঘদিন ধরে চালু থাকা ‘গ্রিন কার্ডের’ মতোই। তবে ‘গোল্ড কার্ডে’র সুবিধা আরও বেশি। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘গ্রিন কার্ড পাওয়া খুব কঠিন। প্রায় অসম্ভব। তবে এক্ষেত্রে সেটা হবে না। ধরা যাক আইবিএম একটি বিশ্ববিদ্যালয়ের সেরা পড়ুয়াকে নিয়োগ করতে চায়। কিন্তু সেই পড়ুয়া আমেরিকায় থাকতে পারবেন কিনা.তার নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে গোল্ড কার্ড কিনলেই সমস্যা মিটবে।’



