ঢাকা: মহম্মদ ইউনুসের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চরমে। এরইমধ্যে সোমবার পোশাক কারখানায় প্রহরারত অবস্থায় গুলি করে খুন করা হল এক হিন্দু ব্যক্তিকে। মৃতের নাম বজেন্দ্র বিশ্বাস। অভিযোগ, তাঁকে গুলি করেন সহকর্মী নোমন মিঞা। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কী কারণে এই খুন, তা এখনও জানা যায়নি। দু’সপ্তাহের মধ্যে এনিয়ে তৃতীয় ঘটনা। গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে দীপুচন্দ্র দাসকে খুন করে পুড়িয়ে দেয় উন্মত্ত জনতা। পরে তোলাবাজির অভিযোগে বাংলাদেশের রাজবাড়িতে অমৃত মণ্ডল নামে এক যুবককে পিটিয়ে খুন করা হয়। এরপর আবারও ময়মনসিংহে খুনের ঘটনা ঘটল। জানা গিয়েছে, নোমন ও বজেন্দ্র দু’জনেই আনসার বাহিনীতে যুক্ত। পোশাক তৈরির ওই কারখানায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন তাঁরা। আনসার বাহিনী মূলত বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে নিযুক্ত।



