Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন হামলার আশঙ্কা, ভারতীয়দের ইরান ছাড়ার পরামর্শ বিদেশ মন্ত্রকের

ইরানে মার্কিন হামলার শঙ্কা ক্রমশ বাড়ছে। এমন পরিস্থিতিতে ইরানে বসবাসকারী সমস্ত ভারতীয়কে দেশে ফেরার পরামর্শ দিল নয়াদিল্লি।

মার্কিন হামলার আশঙ্কা, ভারতীয়দের ইরান ছাড়ার পরামর্শ বিদেশ মন্ত্রকের
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেহরান: ইরানে মার্কিন হামলার শঙ্কা ক্রমশ বাড়ছে। এমন পরিস্থিতিতে ইরানে বসবাসকারী সমস্ত ভারতীয়কে দেশে ফেরার পরামর্শ দিল নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতীয়রা যত দ্রুত সম্ভব ইরান ছেড়ে চলে আসুন। পাশাপাশি ভারতীয় নাগরিক ও বংশোদ্ভূতদের সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় দূতাবাস জানিয়েছে, বিক্ষোভ বা আন্দোলন হচ্ছে এমন জায়গা এড়িয়ে চলতে হবে। নিয়মিত যোগাযোগ রাখতে হবে দূতাবাসের সঙ্গে। এরই মধ্যে আগামী বৃহস্পতিবার ফের আলোচনায় বসবে আমেরিকা ও ইরান। সুইৎজারল্যান্ডের জেনিভায় আয়োজিত হবে সেই বৈঠক। তবে আমেরিকা বা ইরানের তরফে আনুষ্ঠানিকভাবে এ প্রসঙ্গে কোনো বার্তা মেলেনি। রবিবার ওমানের বিদেশমন্ত্রী বদর আল বুসাইসি সংবাদমাধ্যমকে এ খবর দিয়েছেন। এর আগে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচিও জানিয়েছিলেন, তিনি মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনায় বসতে চান। পরমাণু চুক্তি নিয়ে এই নিয়ে তৃতীয়বার মুখোমুখি আলোচনায় বসতে চলেছে আমেরিকা ও ইরান। তবে এবারও কোনো রফাসূত্র মিলবে কি না, সে বিষয়ে নিশ্চিত নয় সংশ্লিষ্ট মহল। গত বৈঠকের পর আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স জানিয়েছিলেন, তাঁদের মূল দাবিগুলি মানতে নারাজ ইরান। অর্থাৎ আমেরিকার শর্ত মানতে রাজি হয়নি তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেছিলেন, ‘আরও বড়োসড়ো হামলার জন্য প্রস্তুত থাকতে হবে ওদের।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ