ঢাকা, ৬ জুন: আগামী বছরেই বাংলাদেশের সাধারণ নির্বাচন। এপ্রিলের প্রথমদিকেই তা হতে পারে। আজ, শুক্রবার এমনই ঘোষণা করলেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এদিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় একথা জানান তিনি। বলেন, আমি দেশবাসীকে জানাচ্ছি সাধারণ নির্বাচন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধ্বের যে কোনও একটি দিনে হবে। নির্বাচন কমিশন সঠিক সময়ে ভোট সম্পর্কে আপনাদের আরও বিস্তারিত তথা দেবে। রোডম্যাপ প্রদান করবে। পাশাপাশি তিনি বলেন, দেশে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর মূলত ৩টি কাজের দায়িত্ব নেওয়া হয়েছিল। সেগুলি হল সংস্কার, বিচার এবং নির্বাচন। আমাদের দায়িত্ব ছিল সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের আয়োজন করা। যাতে দেশ ভবিষ্যতে কোনওরকম সমস্যায় না পড়ে। এই বিষয়ে দেশবাসীকে অবশ্যই সঠিক দিশা দেখাবে নির্বাচন কমিশন। তবে, বিশেষজ্ঞ মহল মনে করছিল জামাত এবং বিএনপির চাপের মুখে চলতি বছরেই বাংলাদেশে নির্বাচন হতে পারে। কিন্তু সেই জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন ইউনুস। জানালেন আগামী বছরেই হবে নির্বাচন।



