ওয়াশিংটন, ২৩ সেপ্টেম্বর: ভেনেজুয়েলা তেল চুক্তিকে সবচেয়ে বড় বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের (ইউএন) সাধারণ সভায় দাঁড়িয়ে মঙ্গলবার তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলাকে একসাথে যোগ করলে, বিশ্বের ৬০ শতাংশেরও বেশি তেল আমাদের কাছে রয়েছে। এটি একটি যুদ্ধ ছিল, কিন্তু সম্ভবত এটিই এখন পর্যন্ত করা সবচেয়ে বড় চুক্তি। আর সবাই জানে, লুটের মাল সবসময় বিজয়ীদেরই প্রাপ্য।
চলতি বছরের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক করা হয়। সস্ত্রীক মাদুরোকে বন্দি করে আমেরিকায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ওয়াশিংটন ভেনেজুয়েলার নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ভবিষ্যতে আরও ভালো করে কাজ করার লক্ষ্যে। এছাড়াও ট্রাম্পের দাবি, আগস্টে ওই দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকারের সঙ্গে একটি তেল চুক্তি স্বাক্ষরিত হয়। এবং মার্কিন প্রেসিডেন্টের দাবি, চুক্তিটির আওতায় ৬৫ বিলিয়ন ব্যারেল তেল রয়েছে। এবং ভেনেজুয়েলার তেল চুক্তিকেই ইতিহাসে সবচেয়ে বড় বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।