Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথকে হেফাজতে নেওয়ার ইডি’র আর্জি  খারিজ, আজ ও কাল দিতে হবে হাজিরা

নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ইডি হেফাজতে নেওয়ার আবেদন বাতিল করে দিল আদালত। বুধবার কলকাতার বিচারভবনের ইডির বিশেষ আদালত ওই আবেদন খারিজ করে দেয়।

নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথকে হেফাজতে নেওয়ার ইডি’র আর্জি  খারিজ, আজ ও কাল দিতে হবে হাজিরা
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ইডি হেফাজতে নেওয়ার আবেদন বাতিল করে দিল আদালত। বুধবার কলকাতার বিচারভবনের ইডির বিশেষ আদালত ওই আবেদন খারিজ করে দেয়। অবশ্য বিচারক তাঁকে আজ, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ও কাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ইডি দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে বিকেলে পাঁচটার পরে তাঁকে জেরা করা যাবে না। এরই পাশাপাশি আদালত অন্তর্বর্তী শর্তসাপেক্ষে পাওয়া মন্ত্রীর জামিনই বহাল রাখে। তবে আদালতের কড়া নির্দেশ, অভিযুক্ত বোলপুরের বিধায়ককে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। প্রসঙ্গত, রাজ্য মন্ত্রিসভার এই সদস্যকে সাত দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছিল ইডি। কিন্তু বিচারক তাঁর রায়ে জানিয়ে দেন, এই মুহূর্তে তাঁকে ইডি হেফাজতে নেওয়াটা জরুরি নয়। 

Advertisement

গত শনিবার অভিযুক্ত কারা ও ক্ষুদ্র-কুটির শিল্প মন্ত্রীকে হেফাজতে পেতে দীর্ঘ শুনানি করে ইডি। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার অভিযোগ ছিল, এই মামলায় যে সমস্ত তথ্য প্রমাণ মিলেছে, তা খতিয়ে দেখতেই অভিযুক্তকে হেফাজতে নেওয়াটা জরুরি। যার জোরালো আপত্তি করেন মন্ত্রী আইনজীবীরা। তাঁদের বক্তব্য ছিল, তাঁদের মক্কেল তদন্তের সব রকম সহযোগিতা করেছেন। আগামীদিনেও করবেন। তাই তাঁকে হেফাজতে নেওয়াটা যুক্তিসঙ্গত নয়। শুনানির শেষে শনিবার আদালত এই মর্মে রায়দানের দিন ধার্য করে মঙ্গলবার। কিন্তু মঙ্গলবার ওই রায় মুলতবি রাখা হয়। এদিন বিচারক রায় ঘোষণা করেন। প্রসঙ্গত, এই মামলার তদন্ত চালাতে গিয়ে বোলপুরের এই বিধায়কের বাড়িতে নগদ ৪১ লক্ষ টাকা হদিশ পেয়েছিল ইডি। অভিযুক্ত মন্ত্রীকে ডেকে পাঠানো হয়েছিল ইডির দপ্তরে। অভিযোগ, প্রথমে তিনি গরহাজির থাকলেও পরে অবশ্য হাজিরা দেন। এই মামলায় ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। সম্প্রতি তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। এরপরই তাঁকে হেফাজতে পেতে আদালতে আবেদন জানিয়েছিল ইডি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ