করাচি: পরপর ভূমিকম্পের কারণে বন্দিদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তারই সুযোগ নিয়ে চম্পট দিল কমপক্ষে ২১৬ বন্দি। সোমবার রাতের এই ঘটনাটি করাচির মালির কারাগারের। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করেছে পুলিস। তাদের ধরতে বাড়ি ও অন্যান্য এলাকায় তল্লাশি চলছে।
গত ২৪ ঘণ্টায় একাধিক মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে করাচির মাটি। এই পরিস্থিতিতে ৬০০ বন্দিকে বারাক থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই সুযোগ বুঝে পালিয়ে যায় দুই শতাধিক বন্দি। ঘটনায় এক বন্দির মৃত্যু হয়েছে। একইসঙ্গে আধাসেনার তিনজন ও জেলের এক কর্মী আহত হয়েছেন। জেলের সুপারিনটেন্ডেন্ট আরশাদ শাহের কথায়, ‘পরিস্থিতির সুযোগ নিয়ে চম্পট দেয় ২১৬ জন বন্দি। তাদের মধ্যে ১৩৫ জন এখনও পলাতক। তল্লাশি জারি রয়েছে।’ ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন সিন্ধুপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া-উল- হাসান লাঞ্জর। তদন্তের জন্য বিশেষ কমিটি গঠনের কথাও জানান তিনি। জানা গিয়েছে, ঘটনার সময় মালির কারাগারে ৬ হাজারের বেশি বন্দি ছিল। অধিকাংশ মাদক সংক্রান্ত মামলায় অভিযুক্ত।