নয়াদিল্লি: এখন থেকে বিমান সফরে পাওয়ার ব্যাংকের মাধ্যমে মোবাইল বা অন্য গ্যাজেট চার্জ দেওয়া যাবে না। এমনকী বিমানের আসনে থাকা পাওয়ার আউটলেটও ব্যবহার করা চলবে না। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এই নিয়ম জারি করল অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। সম্প্রতি একাধিক বিমানে লিথিয়াম ব্যাটারিতে আগুন ধরার ঘটনা সামনে এসেছে। গত অক্টোবরে এমনই দুর্ঘটনার সাক্ষী ছিল ইন্ডিগোর ডিমাপুরগামী বিমান। দিল্লি বিমানবন্দরে রানওয়েতে উড়ানের প্রস্তুতির সময় এক বিমানযাত্রীর পাওয়ার ব্যাংকে আগুন লেগে যায়। তবে যাত্রী ও বিমানকর্মীদের কোনও ক্ষতি হয়নি। এহেন অবস্থায় এবার উড়ান চলাকালে পাওয়ার ব্যাংকের ব্যবহার নিষিদ্ধ করল ডিজিসিএ।



