নয়াদিল্লি: অক্টোবর মাসের প্রথম ভাগে রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনার পরিমাণ বৃদ্ধি করল ভারত। সেপ্টেম্বর মাসে রাশিয়া থেকে প্রতিদিন ১৬ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছিল ভারত। অক্টোবরের প্রথম ১৫ দিনেই এই পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে প্রতিদিন ১৮ লক্ষ ব্যারেল। সব মিলিয়ে সেপ্টেম্বরের তুলনায় প্রতিদিন আড়াই লক্ষ ব্যারেল জ্বালানি তেল রাশিয়া থেকে বেশি আমদানি করা হয়েছে। সাধারণত তেল কেনার জন্য কয়েক সপ্তাহ আগেই সংস্থাগুলিকে বরাত দিতে হয়। তাই অক্টোবর মাস শেষ হলে ছবিটা আরও স্পষ্ট হবে। গত জুনে প্রতিদিন ২ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল রাশিয়া থেকে কিনত দিল্লি। কিন্তু জুলাই থেকেই সেই তেল কেনার পরিমাণ কমে যায়। আমেরিকার চাপে ভারত মস্কোর থেকে তেল কেনার পরিমাণ কমাচ্ছে বলেও অভিযোগ ওঠে। উল্লেখযোগ্য, গত বুধবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি তাঁকে বলেছেন, ভারত রাশিয়া থেকে তেল কিনবে না। শুক্রবারও একই কথা শোনা যায় তাঁর মুখে। তবে, সাম্প্রতিক তথ্য তার উলটো কথাই বলছে। ওয়াকিবহাল মহল জানিয়েছে, ইউরোপের বাজারে চাহিদা কমায় এবং ভারতের জন্য নতুন করে ছাড় ঘোষণা করেছে রাশিয়া। ভারতও মস্কোর তেল আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছে।



