নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইতিহাস গড়ল জিও প্ল্যাটফর্মসের ইনিশিয়াল পাবলিক অফার (আইপিও)। শুক্রবার দেশের সবচেয়ে বড়ো পাবলিক ইস্যু বন্ধ হল রেকর্ড পরিমাণ সাড়া নিয়ে। সংস্থাটি বাজার থেকে ৩০ হাজার ২১৩ কোটি টাকা তোলার জন্য প্রথমবার শেয়ার বিক্রির উদ্যোগ নেয়। সেখানে শেয়ার কেনার জন্য মোট প্রায় ৭ লক্ষ ৪০ হাজার কোটি টাকার আবেদন জমা পড়েছে। এই আইপিও-র জন্য আবেদন নেওয়া শুরু হয় বুধবার। এই তিনদিনে ১ কোটি ৩৮ লক্ষের বেশি আবেদন এসেছে, যা বিশ্বে যেকোনো আইপিও-র ক্ষেত্রে সর্বোচ্চ, দাবি করেছে জিও। শুক্রবার সন্ধ্যা ৭টায় বিডিং বন্ধ হওয়ার সময় ইস্যুটি ২২ গুণের বেশি ‘সাবস্ক্রাইবড’ হয়েছে। খুচরো বিনিয়োগকারীদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। তাঁদের জন্য সংরক্ষিত প্রায় ৮.৫ কোটি শেয়ারের জন্য আবেদন এসেছে ২৩ কোটি। ফলে এই বিভাগে সাবস্ক্রিপশন হয়েছে ২.৭২ গুণ। এই আইপিওতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাই সবচেয়ে বেশি সাড়া দিয়েছে। ‘কোয়ালিফায়েড ইনস্টিটিউশনাল বায়ার’দের জন্য যে শেয়ার বরাদ্দ ছিল, তার চেয়ে ‘সাবস্ক্রাইবড’ হয়েছে বা সাড়া পড়েছে ৭০.৫৫ গুণ বেশি। ‘নন-ইনস্টিটিউশনাল ইনভেস্টর’ ক্যাটিগরিতে ১৪ গুণ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারহোল্ডারদের জন্য সংরক্ষিত বরাদ্দের ৭.৬০ গুণ এবং কর্মীদের জন্য সংরক্ষিত বরাদ্দের ২.৯৩ গুণ ‘সাবস্ক্রাইবড’ হয়েছে। এর আগে আইপিও’তে আবেদনের বিশ্ব রেকর্ড ছিল ভারতীয় সংস্থা ওয়াড়ি এনার্জিসের দখলে, যারা ২০২৪ সালের অক্টোবরে ৯৭.৩ লক্ষ আবেদন পেয়েছিল। উল্লেখ্য, শেয়ার কেনার শেষ দিনটি, অর্থাৎ শুক্রবার ছিল জিও প্ল্যাটফর্মসের ম্যানেজিং ডিরেক্টর আকাশ আম্বানির জন্মদিন।



