নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে ফের জমা জলে বিদ্যুতের বলি হলেন এক বৃদ্ধা। শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে সরশুনা থানা এলাকার ক্ষুদিরাম পল্লিতে। মৃতার নাম শ্রাবন্তী দেবী (৬৬)। ওই এলাকায় জল জমে ছিল। তার মধ্যেই বাড়ির সামনের দোকানের লোহার দরজা খুলতে যান বৃদ্ধা। তখনই ছিটকে জলের মধ্যে পড়ে যান মহিলা। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানেই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সরশুনা থানার আধিকারিকরা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



