করাচি: পাকিস্তানের সিন্ধু প্রদেশের হায়দরাবাদে হিন্দু মন্দিরের জমি দখলের অভিযোগ। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে সিন্ধু প্রদেশের বসবাসকারী হিন্দুদের মধ্যে। রবিবার তান্ডো জাম শহরে বিক্ষোভ দেখান তাঁরা। মহিলা ও শিশুরাও বিক্ষোভে অংশ নেন। পাক হায়দরাবাদের মুসা খতিয়ান এলাকার ওই প্রাচীন শিবমন্দিরে নিয়মিত পুজো করেন হিন্দু ধর্মাবলম্বীরা। অভিযোগ, ঐতিহাসিক ওই মন্দিরের ছয় একর জমি সম্প্রতি বেআইনিভাবে দখল করে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই জমিতে এমনভাবে নির্মাণকাজ শুরু হয়েছে যে, মন্দিরের ভিতরে আর যেতে পারছেন না পুণ্যার্থীরা। এর প্রতিবাদে হিন্দু সংগঠন ‘পাকিস্তান দলিত ইত্তেহাদ’ আন্দোলনে নেমেছে। আন্দোলনের অন্যতম নেতা শীতল মেঘওয়ার বলেন, ‘দখলদাররা বেআইনিভাবে মন্দিরের জমিতে ওই নির্মাণ করছে। এই কাজ বন্ধ করতে হবে।’ আর এক নেতা রাম সুন্দর বলেন, ‘এই মন্দির আমাদের কাছে অত্যন্ত পবিত্র। এমনভাবে নির্মাণকাজ চলছে যে, মন্দির সংলগ্ন শ্মশানও ব্যবহার করা যাচ্ছে না। দ্রুত মন্দির আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে।’ বিক্ষোভকারীরা জানান, বেআইনি নির্মাণ বন্ধ করার জন্য এর আগে জেলা প্রশাসন ও পুলিসের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। দখলকারীদের রাজনৈতিক প্রভাব থাকায় পুলিস কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ তাঁদের।



