Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতের অসন্তোষেই সুরবদল, পাকিস্তানপন্থী বিবৃতি ফেরাল কলম্বিয়া

অপারেশন সিন্দুরের পর পাকিস্তানে কান্নাকাটিতে মন গলে গিয়েছিল কলম্বিয়ার

ভারতের অসন্তোষেই সুরবদল, পাকিস্তানপন্থী  বিবৃতি ফেরাল কলম্বিয়া
  • ১ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নয়াদিল্লি: অপারেশন সিন্দুরের পর পাকিস্তানে কান্নাকাটিতে মন গলে গিয়েছিল কলম্বিয়ার। তাই ভারতের জঙ্গি বিরোধী অভিযানের বিরুদ্ধে গিয়ে ইসলামাবাদের প্রতি সমবেদনা জানিয়েছিল দক্ষিণ আমেরিকার এই দেশ। কিন্তু ভারতীয় প্রতিনিধি দল সেখানে পৌঁছে নেতা-মন্ত্রী থেকে শুরু করে সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলতেই বদলে গেল গোটা চিত্র। তড়িঘড়ি পাকিস্তান নিয়ে সহানুভূতির বার্তা প্রত্যাহার করল কলম্বিয়া সরকার। সেদেশের বিদেশ বিষয়ক দপ্তরের রাষ্ট্রমন্ত্রী রোসা ইয়োল্যান্ডা ভিলাভিসেনসিও একথা জানিয়েছেন। সেইসঙ্গে কলম্বিয়ার তরফে নয়া বিবৃতি প্রকাশের কথাও জানিয়েছেন তিনি। 

Advertisement

অপারেশন সিন্দুরের সাফল্য ও প্রয়োজনীয়তা প্রচারের দেশে দেশে প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত। তালিকায় রয়েছে পাকিস্তানের পাশে দাঁড়ানো কলম্বিয়াও। সেখানে কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে প্রতিনিধি দল একাধিক বৈঠক করেছে। তাতে ভারতের অবস্থান তুলে ধরা হয়েছে। থারুররা সাফ জানিয়েছেন, যেভাবে পাকিস্তানকে সমবেদনা জানানো হয়েছে, তাতে ভারত অত্যন্ত অসন্তুষ্ট। কারণ, পাকিস্তান সন্ত্রাসবাদকে বরাবর মদত দিয়ে চলেছে। সেখানে আশ্রিত জঙ্গিরাই ভারতে একের পর এক নাশকতা চালিয়েছে। তাই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি শিবিরকে নিশানা করা প্রয়োজনীয় হয়ে পড়েছিল। তাছাড়া, পাক সেনাও বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এছাড়া, পাকিস্তানের জঙ্গি যোগের বহু তথ্যপ্রমাণও তুলে ধরা হয়। তাতেই সন্তুষ্ট হয়েছেন কলম্বিয়ার মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে বিশিষ্টরা। তারপরই পাকিস্তান-পন্থী বিবৃতি প্রত্যাহার করে নয়া বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানায় সে দেশের সরকার।  তাদের এই অবস্থান পরিবর্তনকে সাফল্য হিসেবে দেখছে ভারত। পরে সোশ্যাল মিডিয়ায় থারুর জানিয়েছেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চল নিয়ে কর্মরত কলম্বিয়ার আধিকারিক ও বিদেশ রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কার্যকরী বৈঠক হয়েছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে ভারতের অবস্থান তুলে ধরেছি। সবকিছু শোনার পর মন্ত্রী জানিয়েছেন যে তাঁরা পাকিস্তানের সমর্থনে জারি বিবৃতি প্রত্যাহার করবেন। সামগ্রিক পরিস্থিতি বুঝতে পেরে ভারতের পাশের থাকারই বার্তা দিয়েছে কলম্বিয়া।    

Advertisement
সম্পর্কিত সংবাদ