ইসলামাবাদ (পিটিআই): চলতি সপ্তাহেই দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয়েছে তাঁর। বৃহস্পতিবার পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গেও সাক্ষাৎ করলেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং উই। পাক-চীন কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ইস্যুগুলি নিয়ে কথা হয়েছে তাঁদের।
ইসলামাবাদে চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে এদিনের বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে পাকিস্তানের বিদেশমন্ত্রী দার বলেন, ‘দুই দেশের পারস্পরিক স্বার্থ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আজ আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে।’ পাশাপাশি পাক বিদেশ দপ্তর থেকে জানানো হয়েছে, এদিনের বৈঠকে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের দ্বিতীয় দফার কাজ, দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, দুই দেশের জনগোষ্ঠীর সঙ্গে সংযোগ সেতু গড়ে তোলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, ভারত সফরের ঠিক পরই ওয়াং উই কাবুল সফরে গিয়েছিলেন। সেখানে আফগানিস্তান ও পাকিস্তানের বিদেশমন্ত্রীদের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক করেন চীনা বিদেশমন্ত্রী। আফগানিস্তান সফর সেরে বুধবার রাতে তিনি ইসলামাবাদ পৌঁছান। বৃহস্পতিবার চীন-পাকিস্তান ষষ্ঠ কৌশলগত বৈঠক উপলক্ষ্যে পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে পৃথকভাবেও কথা হল উইয়ের।