বিমল বন্দ্যোপাধ্যায়, বজবজ: শিশুদের খেলাধুলোর পাশাপাশি শীতে কেউ চাইলে পিকনিকও করতে পারবে—এমন পরিকল্পনা নিয়ে বজবজ ১ নং ব্লকের বুইতা গ্রাম পঞ্চায়েত গোবরঝুরির কাছে তৈরি করেছিল একটি শিশু উদ্যান। কয়েক বিঘা জায়গা ঘিরে তার ভিতর শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল। বাচ্চাদের জন্য স্লিপার, দোলনা থেকে শুরু করে বসে বিশ্রাম নেওয়ার জায়গাও করা হয়েছিল। তৈরি করা হয়েছিল একটি কুটির, যা উদ্যানের সৌন্দর্য বাড়িয়ে দেয় অনেকটাই। সব মিলিয়ে পাঁচটি পিকনিক স্পট করা হয়। সরকারি তহবিল থেকে মোটা অঙ্কের টাকা খরচ করে গড়ে তোলা হয়েছিল এসব। সেই শিশু উদ্যানেরই এখন বেহাল দশা। উদ্যান ও পিকনিক স্পট ঢেকেছে আগাছার জঙ্গলে। সাপখোপের আড্ডা। দোলনা, স্লিপার ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে। ঝাঁ চকচকে করে বানানো শৌচাগার নোংরা আবজর্নায় ভরে রয়েছে। দুর্গন্ধে টেকা দায়। শৌচাগারে ব্যবহারের জন্য যে জলের ট্যাঙ্ক বসানো হয়েছিল, সেখান থেকে পাইপ খুলে গিয়েছে। জল অবশ্য আসেও না। কারণ, পাম্প চালানোর জন্য যে বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল, তা কেটে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আগে ভিতরে ও বাইরে আলোর যে ব্যবস্থা ছিল, বর্তমানে তাও অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে সন্ধ্যার পর জায়গাটি পরিত্যক্ত, ভুতুড়ে চেহারা নেয়। এলাকাবাসীর অভিযোগ, এই সুযোগ কাজে লাগাচ্ছে অসামাজিক কাজকর্মে যুক্ত এক শ্রেণির লোক। মদ আর গাঁজার ঠেকে পরিণত হয়েছে শিশু উদ্যান।



