নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাল, শুক্রবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই মাটিগাড়ায় দেশের সর্ববৃহৎ মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি। তার পরের দিন অর্থাৎ শনিবার তিনি জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল পূর্তদপ্তরকে। শিলিগুড়ি শহরের পাশে উজানু মৌজায় গড়ে উঠবে এই মহাকাল মন্দির। ইতিমধ্যে মন্দির তৈরির জন্য ১৭.৪১ একর জমি পর্যটন দপ্তরকে হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ করেছে নবান্ন। এখানে মন্দিরের পাশাপাশি গড়ে তোলা হবে ধর্মীয় পর্যটন কেন্দ্র। শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সমাজের বিশিষ্টজনদের। দুর্গাপুজোর পর উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সময় সেখানে গিয়ে মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মন্দির তৈরির কাজ তত্ত্বাবধানের দায়িত্ব তুলে দেন ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের (হিডকো) হাতে।



