নয়াদিল্লি: ‘দূষণ কমাতে না পারলে এয়ার পিউরিফায়ারের উপর থেকে জিএসটি তুলে দিল্লিবাসীকে রেহাই দিন’— বুধবার কেন্দ্রকে এমনই নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট। ২৪ ঘণ্টা পেরনোর পরেই আদালতে নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র। সাফ জানাল, এয়ার পিউরিফায়ারের উপর জিএসটি কমানো বা তুলে নেওয়া সম্ভব নয়। জিএসটি কমলে ‘প্যান্ডোরার বক্স’ খুলে যাবে বলেও সতর্ক করেছে কেন্দ্র।
এদিন কেন্দ্রের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল এন ভেঙ্কটরমন। তিনি জানান, জিএসটি হার নির্ধারণ করে জিএসটি কাউন্সিল। নির্দিষ্ট প্রক্রিয়া ও আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জিএসটির হার বদলানো সম্ভব নয়। সরকারের তরফে আরও জানানো হয়, এয়ার পিউরিফায়ারকে ‘মেডিকেল ডিভাইস’ হিসেবে ধরা হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জিএসটি কাউন্সিলের নেই। এই বিষয়টি স্বাস্থ্য মন্ত্রকের আওতাধীন। সরকার পক্ষের বক্তব্য, জিএসটি কমার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।