Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সকালে বর্ধমান থেকে ধর্মতলা যাওয়ার বাস বাতিল, হয়রানির শিকার যাত্রীরা

সকালে বর্ধমান থেকে ধর্মতলা যাওয়ার বাস বাতিল, হয়রানির শিকার যাত্রীরা
  • ১০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শুক্রবার সকালে ধর্মতলা যাওয়ার জন্য এসবিএসটিসির বাস ধরতে এসেছিলেন সান্ত্বনা দাস। ভোর ৫টা ৪৫ মিনিটে ধর্মতলা যাওয়ার প্রথম বাস ছিল। বাজেপ্রতাপপুরের বাসিন্দা ওই গৃহবধূ ৫টায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। আলিশা বাসস্ট্যান্ডে এসে তিনি জানতে পারেন কলকাতা যাওয়ার প্রথম বাস বাতিল হয়েছে। তাঁর মতো অনেকেই এই বাসটি ধরতে এসেছিলেন। তাঁরাও হতাশ হন। ওই গৃহবধূ বলেন, মাঝেমধ্যেই বাস বাতিল করা হচ্ছে। প্রথম বাসটি ধরতে পারলে সময়মতো কলকাতা পৌঁছনো যায়। তাড়াতাড়ি বাড়িও ফেরা যায়। হঠাৎ করে বাস বাতিল হয়ে যাচ্ছে। আগে থেকে ঘোষণা করা হলে এই সমস্যায় পড়তে হয় না। আর এক যাত্রী শুভাশিস দাস বলেন, কলকাতা যাওয়ার প্রথম বাসের কোনও সিট ফাঁকা থাকে না। বাস চালিয়ে সরকারের লাভ হয়। তারপরও নিজেদের মর্জিমাফিক বাস বাতিল করা হচ্ছে। যাত্রীদের বিষয়টি ভাবা হচ্ছে না। কখন কোন বাস বাতিল করা হচ্ছে তা যাত্রীরা আগাম জানতে পারছেন না। বাসস্ট্যান্ডে এসে বিষয়টি পরিষ্কার হচ্ছে। আগাম জানা গেলে সেই মতো পরিকল্পনা করা যায়। 

Advertisement

আর এক যাত্রী শম্ভু হালদার বলেন, যাত্রীদের সময়ের দাম রয়েছে। প্রতিটি যাত্রী টিকিট কেটেই গন্তব্যে যান। এভাবে যাত্রীদের হয়রানি করার অধিকার কারও নেই। শুধু ৫টা ৪৫ মিনিটের বাস নয়, অন্যান্য সময়ের বাসগুলিও হঠাৎ করে বাতিল করা হয়।
দক্ষিণবঙ্গ পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্ধমান-থেকে কলকাতাগামী সকালের দিকে প্রতিটি বাসের অধিকাংশ সিট বুকিং হয়ে থাকে। তুলনায় দুপুরের দিকে যাত্রী কিছুটা কম হয়। সকালের দিকে বাস চালিয়ে লক্ষ্মীলাভ করে সংস্থা। তারপরও ওই সময়ের বাস কেন বাতিল করা হচ্ছে তা নিয়ে যাত্রীরা প্রশ্ন তুলেছেন। এক আধিকারিক বলেন, সবদিন এমনটা হয় না। কোনও বাসে প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে সেটি বাতিল করতে হয়। তাছাড়া বিশেষ কোনও কর্মসূচি থাকলে বাস ভাড়া করে নেওয়া হয়। সেই সময় কিছুটা সমস্যা হতে পারে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, বিষয়টি নিয়ে দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলব। প্রয়োজনে পরিবহণ দপ্তরের সঙ্গে বৈঠক করবে। 
যাত্রীরা বলেন, ট্রেন দেরিতে চলার কারণে অনেকেই বাসের উপর ভরসা করেন। কম সময়ের মধ্যে কলকাতা পৌঁছনো যায়। কিন্তু এরকম চলতে থাকলে এসবিএসটিসির উপর থেকেও ভরসা কমতে শুরু করবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ