Bartaman Logo
৯ জুন, ২০২৬

যৌন হেনস্তায় অভিযুক্ত, বিজেপি সাংসদের ‘গুণধর’ ছেলেই সরকারি আইনজীবী পদে

বিজেপি হলেই সাত খুন মাপ! হরিয়ানায় অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট জেনারেল (এডিজি) হিসেবে নিযুক্ত হলেন বিজেপি সাংসদ সুভাষ বারালার ছেলে বিকাশ বারালা।

যৌন হেনস্তায় অভিযুক্ত, বিজেপি সাংসদের ‘গুণধর’ ছেলেই সরকারি আইনজীবী পদে
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: বিজেপি হলেই সাত খুন মাপ! হরিয়ানায় অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট জেনারেল (এডিজি) হিসেবে নিযুক্ত হলেন বিজেপি সাংসদ সুভাষ বারালার ছেলে বিকাশ বারালা। ২০১৭ সালে প্রাক্তন আইএএস আধিকারিকের কন্যাকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় সারা দেশজুড়েই তোলপাড় শুরু হয়েছিল। বিকাশ জামিন পেলেও মামলা চলছে।  এহেন অভিযুক্তকে সরকারি আইনজীবী পদে নিয়োগ ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছে রাজ্যের বিজেপি সরকার। কংগ্রেসের কটাক্ষ, এসবই গেরুয়া শাসনের কামাল! বিজেপির ছাপ থাকায় এক অভিযুক্তও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে গেলেন। 

Advertisement

২০১৭ সালের ৪ আগস্ট। ওইদিন রাতে চণ্ডীগড়ে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন প্রাক্তন আইএসএস আধিকারিকের কন্যা। সেইসময় একটি গাড়ি তাঁর পিছু নেয়। অভিযোগ, সাংসদ পুত্র বিকাশ ও তাঁর এক বন্ধু আশিস কুমার তরুণীর পথ আটকে তাঁর গাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করে। বিষয়টি প্রকাশ্যে আসায় তীব্র চাপের মুখে বিকাশ ও আশিসের বিরুদ্ধে যৌন হেনস্তা ও অপহরণের চেষ্টার অভিযোগ দায়ের করে বিজেপি সরকারের পুলিস। দু’জনকে গ্রেপ্তারও করা হয়। ২০১৮ সালের জানুয়ারিতে বিকাশের জামিন মঞ্জুর করে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। এরইমাঝে গত ১৮ জুলাই বিকাশকে অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট জেনারেল পদে নিয়োগ করা নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক শুরু হয়েছে। 
বিষয়টি নিয়ে অভিযোগকারিণীর বাবা তথা প্রাক্তন আইএএস আধিকারিক ভি এস কুণ্ডু তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমার বা আমার মেয়ের কিছু বলার নেই। সরকারই দেখুক কী ধরনের লোকজনকে নিয়োগ করা হচ্ছে। সাত বছর পেরিয়ে গিয়েছে। এখনও মামলা চলছে। বিচারব্যবস্থার উপর ভরসা রেখে লড়াই শুরু করেছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য।’ বিকাশের নিযুক্তি নিয়ে মুখ খোলেননি হরিয়ানার অ্যাডভোকেট জেনারেল পরবিন্দ্র সিং চৌহান। কোনও মন্তব্য করতে চাননি 
বিজেপি সাংসদ সুভাষ ও তাঁর ছেলে বিকাশও। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছে হাত শিবির। দল বলেছে,  হরিয়ানায় বিজেপি সরকারের চক্ষু লজ্জাটুকুও নেই। এবার যৌন হেনস্থায় অভিযুক্তও সরকারের হয়ে আদালতে সওয়াল করবেন!

Advertisement
সম্পর্কিত সংবাদ