দেরাদুন, ১৭ নভেম্বর: সাতসকালে ভয়াবহ পথদুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরাখণ্ড। নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে খাদে আছড়ে পড়ল একটি যাত্রী বোঝাই বাস। ঘটনাটি ঘটেছে ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়ে সংলগ্ন গুলার বাজারের কাছে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। গুরুতর জখম হয়েছে আরও অন্তত ২৬ জন।
জানা গিয়েছে, বাসটি পোখরি থেকে রানসির দিকে যাচ্ছিল। যাওয়ার পথে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি চালক। মুহুর্তের মধ্যেই সেতুর রেলিং ভেঙে খাদে গিয়ে আছড়ে পড়ে বাসটি। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাঁরা এসে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেন। দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটির ভিতর থেকে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করা হয়। আহতদের চিকিৎসার জন্য ঋষিকেশ এইমসে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এর ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দাও রয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারাল সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পাহাড়ি রাস্তায় যানচলাচলে বাড়তি সর্তকতা অবলম্বনের নির্দেশ দিয়েছে প্রশাসন।



