নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের অন্যতম প্রধান মাথাব্যথার কারণ উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের দলীয় সংগঠন। যে উত্তরবঙ্গের উপর ভর করেই রাজ্যে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল বিজেপি, এখন সেই সংগঠনই দলের মাথাব্যথার কারণ। মঙ্গলবার দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী বিধানসভা নির্বাচনে মূলত উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল এলাকায় কয়েকজন সাংসদকে প্রার্থী করার ভাবনায় রয়েছে বিজেপি। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও অবশ্য বেশ কয়েকজন দলীয় সাংসদকে প্রার্থী করেছিল গেরুয়া শিবির। কিন্তু এভাবে এলাকাভিত্তিক প্রার্থী বাছাই কৌশল গতবার হয়নি। তবে বিজেপির কোন কোন সাংসদ প্রার্থী হবেন, সেই ব্যাপারে চূড়ান্ত কিছু জানা যায়নি। রাজনৈতিক সূত্রের দাবি, সংসদের বাদল অধিবেশন শেষ হলেই এই ব্যাপারে আলোচনা শুরু হবে বঙ্গ বিজেপিতে। কলকাতায় যাবেন বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতারাও।



