হায়দরাবাদ, ২১ নভেম্বর: সোশ্যাল মিডিয়ায় মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বিতর্ক এবার পৌঁছে গেল সরাসরি কর্পোরেট অফিসের চৌহদ্দিতে। দুই নেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপের প্রতিবাদে শুক্রবার হায়দরাবাদে মেটার অফিসে ঢুকে বিক্ষোভ দেখালেন তেলঙ্গানা যুব কংগ্রেসের কর্মীরা। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন অফিসের ভিতরে ফুলের টব ছুড়ে ভাঙচুর চালানো হয়। অফিসের করিডর থেকে ক্যাফেটেরিয়া চত্বর বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের দাপাদাপির ছবি ও ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
জানা গিয়েছে, জাক্কিদি শিবাচরণ রেড্ডির নেতৃত্বে এই বিক্ষোভ শুরু হয়। মেটা এবং কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে স্লোগান তোলেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, বিরোধী রাজনৈতিক কণ্ঠস্বরকে দমন করতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির উপর রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে। যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিব এবং জাতীয় ইনচার্জ মনীশ শর্মার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিধিনিষেধ আরোপের পাশাপাশি কয়েকটি পোস্টও ডিলিট করে দেওয়া হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের।
এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মেটাকে কার্যত হুঁশিয়ারি দিয়েছে যুব কংগ্রেস। তাদের বক্তব্য, মেটার উচিত 'মেরুদণ্ড শক্ত করা'। একই সঙ্গে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে নিষিদ্ধ অ্যাকাউন্ট এবং পোস্টগুলি পুনরায় সামনে আনার দাবি জানিয়েছে তারা। মেটার কাছে চার দফা দাবি পেশ করেছে যুব কংগ্রেস। গত ছ'মাসে সরকারের নির্দেশে কতগুলি ভারতীয় অ্যাকাউন্ট আটকে দেওয়া হয়েছে এবং এখনও কতগুলি অ্যাকাউন্ট নিষিদ্ধ রয়েছে, তার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে হবে। সাংবাদিক এবং কনটেন্ট নির্মাতাদের উপর আরোপিত সমস্ত বেআইনি বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে। পাশাপাশি ভারতের সংবিধানকে সম্মান জানাতে হবে এমন সব দাবি তারা তুলে ধরেন এই দিন। দাবি পূরণ না হলে আদালত, রাজপথ এবং বিভিন্ন অফিসে আন্দোলন আরও তীব্রতর হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে আন্দোলনকারীরা।
অন্যদিকে, কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন বিআরএস নেতা কেটি রামা রাও। যুব কংগ্রেস কর্মীদের 'গুণ্ডা' বলে আক্রমণ করেন তিনি। পাশাপাশি, বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারীও কংগ্রেসকে নিশানা করেছেন। তাঁর অভিযোগ, যুব কংগ্রেস কর্মীরা শুধু মেটার হায়দরাবাদ অফিসে ভাঙচুরই চালাননি, সেই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ করে নিজেদের কর্মকাণ্ডের প্রচারও করেছেন। বিশ্ব এআই সম্মেলনে যুব কংগ্রেসের পূর্ববর্তী বিক্ষোভের প্রসঙ্গ টেনেও কংগ্রেসকে আক্রমণ করেন তিনি।



