রাহুলের প্রধানমন্ত্রীকে নিয়ে করা মন্তব্যে পালটা তোপ! কংগ্রেসকে চারটি প্রশ্ন ছুড়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী  কিরেণ রিজিজু
  • ২১ নভেম্বর, ২০২৬ ১০:২৪
Prefer us on Google

নয়াদিল্লি, ২১ নভেম্বর: বিশ্বমঞ্চে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী। এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘কম্প্রোমাইজড প্রধানমন্ত্রী’ বলে এক প্রকার কটাক্ষ করেন তিনি। এবার রাহুলের মন্তব্যকে কেন্দ্র করে কংগ্রেসকে পালটা সরাসরি চারটি প্রশ্ন ছুড়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধ থেকে শুরু করে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, একাধিক বিষয় তুলে ধরে কংগ্রেসের কাছে জবাবদিহি চেয়েছেন তিনি।

Advertisement

শনিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে কংগ্রেসের উদ্দেশে চারটি প্রশ্ন রাখেন রিজিজু। তাঁর প্রথম প্রশ্ন, ১৯৬২ সালে চীনের দখলে চলে গিয়েছিল তাঁর গ্রাম। সেই যুদ্ধের ‘লজ্জাজনক পরিণতি’র জন্য কংগ্রেস কি ক্ষমা চাইবে? দ্বিতীয়ত, ক্ষমতায় থেকেও কেন ভারতকে দরিদ্র রাষ্ট্র হিসেবে রেখে দিয়েছিল কংগ্রেস? তৃতীয় প্রশ্নে তিনি জানতে চান, কেন একসময় ভারতকে ‘সাপুড়েদের দেশ’ হিসেবে চিহ্নিত করা হত? আর চতুর্থ প্রশ্ন, ভারতের অর্থনৈতিক বৃদ্ধিকে কেন ‘হিন্দু রেট অফ গ্রোথ’ বলে কটাক্ষ করা হত? রিজজুর এই চার প্রশ্নের নেপথ্যে রয়েছে সমাজমাধ্যমে রাহুলের সাম্প্রতিক একটি মন্তব্য।  বৃহস্পতিবার চীনে এশিয়া-প্যাসিফিক ইকনমিক কো-অপারেশন সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং এবং পুতিনের ত্রিপাক্ষিক বৈঠকের একটি ছবি প্রকাশ্যে আসে। সেই ছবি পোস্ট করেই প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করেন রাহুল। তাঁর দাবি ছিল, কংগ্রেস ক্ষমতায় থাকলে ভারতের প্রধানমন্ত্রীও ওই বৈঠকে উপস্থিত থাকতেন। তাঁর কথায়, ‘কম্প্রোমাইজড প্রধানমন্ত্রী কখনও এই টেবিলে বসতে পারেন না।’ 
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়েও রাহুলের মন্তব্যের কড়া সমালোচনা করেন রিজিজু। তাঁর বক্তব্য, দেশের ভিতরে হোক বা বিদেশের মাটিতে, ভারত সম্পর্কে কোনও নেতিবাচক মন্তব্য করা উচিত নয়। রাহুল গান্ধীর বিরুদ্ধে বিদেশে থাকা ভারতবিরোধী শক্তির সঙ্গে যোগসাজশ এবং দেশের গণতন্ত্র ও অর্থনীতি নিয়ে মিথ্যা প্রচারের অভিযোগও তোলেন তিনি।