সম্পর্কে উন্নতি হবে, ভারত সফরে এসে আশাবাদী পাক মন্ত্রী, পহেলগাঁও নিয়ে তোপ কংগ্রেসের
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দিল্লির বুকে অন্যতম প্রাচীন দুর্গ— পুরানা কিলা। ইন্দ্রপ্রস্থের ভূমিতে পরবর্তীকালে এই দুর্গ গড়ে উঠেছিল হুমায়ুন ও শের শাহ সুরির হাত ধরে। ঐতিহাসিক সেই কেল্লাতেই বসেছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ব্যানারে প্রথম সিভিলাইজেশন ডায়লগ ফোরামের বৈঠক। শুক্রবার শুরু হওয়া তিন দিনের এই বৈঠক ঘিরেই উত্তাল রাজনীতি। কারণ, নরেন্দ্র মোদি সরকারের আমন্ত্রণে বৈঠকে যোগ দিয়েছে পাকিস্তান। নয়াদিল্লিতে এসেছেন পাক পরিবেশমন্ত্রী মুদাসিক মালিক। ‘অপারেশন সিন্দুরে’র আবহে এই পাক মন্ত্রীই ভারতের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানিয়েছিলেন। তাঁকেই জামাই আদরে ভারতে আসার সুযোগ করে দেওয়া নিয়ে কেন্দ্রকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করছে বিরোধী শিবির। পহেলগাঁও হামলার প্রসঙ্গ টেনে বিরোধীদের প্রশ্ন, কোন জাদুবলে সরকারের পাকিস্তান নীতি রাতারাতি বদলে গেল? মোদি সরকারের আমন্ত্রণে ভারতে আসার পর অবশ্য সুর নরম মালিকের। শুক্রবার পাকিস্তানের মন্ত্রীর দাবি, ‘সামগ্রিকভাবে গোটা উপমহাদেশের পাশাপাশি ভারত-পাকিস্তান সম্পর্কেও উন্নতি হবে বলেই আশা রাখি। আমাদের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতা এক সুতোয় গাঁথা। সেই বহুমুখী সম্পর্ককে আরও দৃঢ় করে তোলার ক্ষেত্রে নিঃসন্দেহে দারুণ সুযোগ এসসিও সিভিলাইজেশন ফোরামের এই বৈঠক। আশা করি, এই অঞ্চলের দেশগুলি বৃহত্তর দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে। অভিন্ন আঞ্চলিক এজেন্ডাকে সামনে রেখে সামনের দিকে এগবে।’ কিন্তু, সীমান্তপারের সন্ত্রাস নিয়ে ভারতের যে উদ্বেগ, তার কী হবে? এই প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গিয়েছেন মুসাদিক। তাঁর সংক্ষিপ্ত উত্তর, ‘আগামী কাল আমাদের বিবৃতি প্রকাশ করা হবে। (বৈঠকে) প্রচুর আলোচনা হবে আমাদের মধ্যে।’

Advertisement

এর আগে ২০২৩ সালে গোয়ায় আয়োজিত এসসিও বৈঠকে অংশ নিয়েছিলেন পাকিস্তানের মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। কিন্তু তখন পরিস্থিতি আলাদা ছিল। গত বছর পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও তার প্রত্যাঘাতে ‘অপারেশন সিন্দুরে’র পর এই প্রথম কোনো পাকিস্তানি মন্ত্রী ভারত সফরে এলেন। সেই 
আবহেই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি নিয়ে পাক মন্ত্রী আশার বাণী শোনালেও বিতর্ক থামছে না। পাকিস্তানকে আমন্ত্রণ নিয়ে মোদি সরকারের মুণ্ডপাত করেছেন কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত। শুক্রবার তাঁর তোপ, পহেলগাঁও হামলায় নিহতদের পরিবারগুলির ক্ষতে নুন ছড়িয়েছে সরকারের এই সিদ্ধান্ত। ভারত বিরোধী সন্ত্রাসে মদত দিয়ে চলেছে পাকিস্তান। আর সেই পাকিস্তানের প্রতিনিধিদের জন্যই লাল কার্পেট বিছিয়ে দিয়েছে মোদি সরকার। বিরোধীদের তোপের মুখে পড়ে বিড়ম্বনা এড়াতে বাড়তি সতর্কতা নিচ্ছে কেন্দ্রও। সফর চলাকালীন আগ্রার তাজমহল ও দিল্লির নিজামুদ্দিন দরগায় যাওয়ার পরিকল্পনা ছিল পাক মন্ত্রীর। সেজন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতিও চেয়েছিলেন। যদিও বিতর্কের আশঙ্কায় সেই আরজি মোদি সরকার খারিজ করেছে বলেই খবর। জানা যাচ্ছে, মুসাদিককে তাঁর যাবতীয় গতিবিধি এসসিও সম্মলনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। এদিন বৈঠকের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আজ গোটা বিশ্বে যুদ্ধ ও অশান্তি নিয়ে আলোচনা বেশি গুরুত্ব পাচ্ছে। এমন সময়ে বিভিন্ন সভ্যতার সম্পর্ক নিয়ে মত আদান প্রদান করছে ভারত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বিশ্বশান্তির সবচেয়ে শক্তিশালী মাধ্যম এই সাংস্কৃতিক যোগাযোগ।’