নয়াদিল্লি: বিশ্বকূটনীতিতে পার্শ্বচরিত্রে পরিণত হয়েছে ভারত। আমেরিকার শিকাগো থেকে ফের নরেন্দ্র মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতা নিয়ে সরব লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলের মন্তব্য, ইরান আমেরিকার যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে পাকিস্তান। অথচ ভারত ছিল শুধুই দর্শকের ভূমিকায়। পাশাপাশি শুক্রবার নিজের এক্স হ্যান্ডলে শেনজেনে হওয়া পুতিন, ট্রাম্প, জিনপিংয়ের ত্রিপাক্ষিক বৈঠকের একটি ছবি পোস্ট করে রাহুলের আক্রমণ, ‘কংগ্রেস ক্ষমতায় থাকলে এই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীও উপস্থিত থাকতেন। কিন্তু আপস করা প্রধানমন্ত্রী কখনওই ওই আসনে বসতে
পারবেন না।’ পালটা রাহুলকে আক্রমণ করতে ছাড়েনি গেরুয়া শিবিরও। পদ্ম পার্টির দাবি, আন্তর্জাতিক কূটনীতিতে অজ্ঞ বিরোধী দলনেতা। এমনকি কংগ্রেস সাংসদকে ‘পাকিস্তানের ফ্যান বয়’ বলেও আক্রমণ শানিয়েছে
বিজেপি। দলের ন্যাশনাল মিডিয়া কনভেনর আশিস ঊষা আগরওয়াল বলেছেন, পুতিন-ট্রাম্প-জিনপিংয়ের ত্রিপাক্ষিক বৈঠক আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থানকে স্পষ্ট করে না। ব্রিকস, কোয়াড, এসসিও, জি২০, জি৭-এর বৈঠকগুলিতে লাগাতার অংশ নিচ্ছে ভারত। যেখানে প্রতিদ্বন্দ্বী দেশগুলির তুলনায় অনেকটাই এগিয়ে ভারত। কূটনীতি সম্পর্কে রাহুল গান্ধী ‘অজ্ঞ’ বলেও কটাক্ষ করেছেন তিনি। বিজেপির মুখপাত্র সিআর কেশবানও এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘রাহুল গান্ধীকে দেখে পাকিস্তানের চিয়ারলিডার মনে হচ্ছে। নিলর্জ্জভাবে পাকিস্তানের হয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে তিনি।’
শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে রাহুল বলেন, ‘ভূ রাজনীতিতে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে
ভারত। বহু দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক ও পার্টনারশিপ রয়েছে। এতো বড়ো দেশ হিসাবে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক আলোচনায় ভারতের সক্রিয় অংশগ্রহণ থাকা উচিত। কিন্তু ভারত পার্শ্বচরিত্র হয়ে পড়েছে।’ পাশাপাশি নরেন্দ্র মোদিকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সবসময় বলেন, ‘উনি আমার বন্ধু’। কিন্তু কূটনীতিতে বন্ধুত্বের কোনো গুরুত্বই নেই। বন্ধুত্ব দিয়ে আন্তর্জাতিক কূটনীতি হয় না।’
এই অনুষ্ঠানেই এক পাকিস্তানি ছাত্র রাহুলকে প্রশ্ন করে, ‘একে অপরকে দোষারোপ না করে, নিজেদের স্বার্থে একজোট হতে পারে না ভারত ও পাকিস্তান?’ যার উত্তরে কেন্দ্রের নীতিকেই সমর্থন করেছেন লোকসভার বিরোধী দলনেতা। রাহুলের স্পষ্ট উত্তর, ‘সন্ত্রাসবাদে ইসলামাবাদের মদতই দু’দেশের সুসম্পর্কের অন্তরায়। জঙ্গি হামলায় আমাদের দেশের সাধারণ মানুষের মৃত্যু হবে, পাকিস্তানের সঙ্গে আলোচনাও হবে, এমনটা হতে পারে না।’



