নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি বছরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) মোট ৮২টি ঘটনার তদন্ত শুরু করেছে। তার মধ্যে কয়েছে পশ্চিমবঙ্গের ১২টি। যেগুলি নির্বাচন সংক্রান্ত। অর্থাৎ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের সময় যে আইন-শৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটেছে, তার তদন্ত। এনআইএর ডিরেক্টর জেনারেল রাকেশ আগরওয়াল শুক্রবার এই তথ্য দিয়েছেন। অর্থাৎ তাঁর কথায় স্পষ্ট, এবার ভোটে মালদহের কালিয়াচকে যে বিচারবিভাগীয় আধিকারিকদের দীর্ঘ ৯ ঘণ্টা আটক করে রাখার ঘটনা ঘটেছিল,সেটিও নির্বাচনী অশান্তি। সন্ত্রাসের সঙ্গে সম্পর্ক নেই। প্রসঙ্গত এনআইএ যে বিষয়গুলির তদন্তের জন্য গঠিত হয়েছিল, সেটি হল, সন্ত্রাস, নারী ও শিশু পাচার, ভারতের সুরক্ষা বিপজ্জনক হতে পারে এরকম ঘটনা। কিন্তু নির্বাচনী অশান্তির তদন্ত কেন এনআইএ করবে সেই প্রশ্ন এপ্রিল মাসেও উঠেছিল। শুক্রবার ডিরেক্টর জেনারেলও সন্ত্রাস সংক্রান্ত কোনো ইঙ্গিত দিলেন না। প্রসঙ্গত, গত ১ এপ্রিল এসআইআর সমীক্ষা চলাকালীন কালিয়াচকে তিন মহিলা সহ সাতজন বিচারবিভাগীয় আধিকারিককে বিডিও অফিসে আটকে রাখা হয়েছিল। হাইকোর্টের পক্ষ থেকে চিঠি পেয়ে সুপ্রিম কোর্ট কঠোর সমালোচনা করেছিল রাজ্য সরকারের। নির্বাচন কমিশনে এঅনাইএকে দিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নেয় এবং আবেদনও করে।
দু’দিনের সন্ত্রাস বিরোধী বৈঠকের পর ডিজি বলেছেন, সীমান্ত রাজ্যগুলিতে বিশেষ নজরদারি হচ্ছে। সীমান্ত পেরিয়ে যাতে ভারতে কোনো জঙ্গি প্রবেশ করতে না পারে অথবা সন্ত্রাসমূলক কার্যকলাপে ইন্ধন দিতে না পারে সেজন্য কঠোর কিছু এসওপি চালু করেছে এনআইএ। ডিজি মনে করেন. গ্রেপ্তার, চার্জশিট, শুনানি এবং সাজাদানের ক্ষেত্রে এনআইএর রেকর্ড যথেষ্ট ভালো। এই বছরেই ২৭টি কেসে অর্থাৎ ৯৩ শতাংশ ক্ষেত্রে সাজাদান হয়েছে।



