লখনউ, ২১ নভেম্বর: পাঁচ বছর আগে হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক মহিলা। কোনোভাবেই তাঁর খোঁজ পাচ্ছিল না পরিবার থেকে পুলিশ। কিন্তু আধুনিক প্রযুক্তির সাহায্যে সেই রহস্যের সমাধান বের করল উত্তর প্রদেশ পুলিশ। ছোটবেলার একটি পুরনো ছবি থেকে এআই-এর সাহায্যে তৈরি করা হল বর্তমান বয়সের সম্ভাব্য চেহারা। আর সেই ছবিটাই হয়ে উঠল তাঁকে খুঁজে পাওয়ার গুরুত্বপূর্ণ সূত্র। শেষ পর্যন্ত এই ছবির সাহায্যে নিখোঁজ মহিলার সন্ধান পেল পুলিশ
জানা গিয়েছে, নিখোঁজ মহিলার নাম মঞ্জু খারওয়ার। তিনি উত্তর প্রদেশের সোনভদ্র জেলার বাসিন্দা। প্রায় পাঁচ বছর আগে গ্রামেরই এক তাঁকে বিয়ে দেওয়ার কথা বলে নিয়ে গিয়েছিলেন। তারপর থেকে আর কোনোও খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই মহিলাটির। তাঁর সন্ধান না পেয়ে অবশেষে গত ১৪ জুলাই মঞ্জুর মা থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশের ক্ষেত্রে কাজটি কঠিন হয়ে পড়ে। কারণ পরিবারের কাছে মঞ্জুর কোনো সাম্প্রতিক ছবি ছিল না। ছিল ২০০৭ সালের একটি পুরনো ছবি। এরপরই এক অভিনব পদ্ধতির সাহায্য নেয় পুলিশ। পুরনো ছবি নিয়ে এআই-এর সাহায্যে তাঁর বর্তমান বয়সের সম্ভাব্য চেহারার ছবি তৈরি করা হয়। ওই এআই দিয়ে তৈরি ছবি দেখে চিনতে পারে মঞ্জুর পরিবার। তখনই ওই ছবির সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যায় পুলিশ। সেই সূত্র ধরেই রাজস্থানের চুরু জেলা থেকে মঞ্জুকে খুঁজে পায় পুলিশ। সেখানে তিনি তাঁর বর্তমান স্বামী উমেন্দ্র এবং তাঁদের দুই সন্তান নিয়ে সেখানে বসবাস করছিলেন। পরবর্তীতে ওই মহিলাকে উদ্ধার করা হয়। প্রযুক্তির সঠিক ব্যবহার যে মানুষের জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে এই ঘটনাই তার উদাহরণ।



