নয়াদিল্লি, ২১ নভেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অগ্নিবীর নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সরকারি পোর্টালেরই প্রশাসনিক নিয়ন্ত্রণ নাকি বিক্রির জন্য তুলে দেওয়া হয়েছিল ডার্ক ওয়েবে। দাম ধার্য হয়েছিল ৫০০ ডলার, লেনদেনের মাধ্যম ক্রিপ্টোকারেন্সি। আর এই চাঞ্চল্যকর সাইবার কাণ্ডের নেপথ্যে রয়েছে মাত্র ১৪ বছরের এক কিশোর। তবে বিপদ আঁচ করে সময়মতো পদক্ষেপ করে দিল্লি পুলিশের বিশেষ সাইবার নজরদারি দল। অভিযুক্তকে ইতিমধ্যে চিহ্নিত করে তাকে আটক করেছে দিল্লি পুলিশ এমনটাই সূত্রের খবর।
ঘটনার সূত্রপাত গত সেপ্টেম্বর মাসে। ডার্ক ওয়েবের বিভিন্ন মার্কেটপ্লেসে নজরদারি চালানোর সময় দিল্লি পুলিশের বিশেষ ইউনিটের নজরে আসে একটি সন্দেহজনক বিজ্ঞাপন। সেখানে দাবি করা হয়েছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অগ্নিবীর নিয়োগ সংক্রান্ত পোর্টালের ‘ভেরিফায়েড অ্যাডমিন ক্রেডেনশিয়াল’ বিক্রি করা হবে। অর্থাৎ, ক্রেতা চাইলে সরাসরি ওয়েবসাইটের প্রশাসনিক নিয়ন্ত্রণ হাতে পেতে পারেন। বিষয়টির গুরুত্ব বুঝে তদন্তে নামে পুলিশ। তদন্তকারীদের দাবি, অভিযুক্ত কিশোর ওই পোর্টালের একাধিক নিরাপত্তাগত দুর্বলতা খুঁজে বের করেছিল। এরপর সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে সংবেদনশীল তথ্য ও প্রশাসনিক ব্যবস্থায় প্রবেশের সুযোগ বিক্রির প্রস্তাব দেয় সে। বিজ্ঞাপনে দাবি করা হয়েছিল, পোর্টালে নথিভুক্ত প্রায় ২,৫০০-রও বেশি অগ্নিবীরের তথ্য, পাশাপাশি ৪৭টি সরকারি দপ্তরের সঙ্গে সম্পর্কিত রেকর্ড ও পাওয়া যাবে। শুধু তথ্য নয়, ক্রেতাকে প্রশাসনিক প্যানেলের পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। সেই তালিকায় ছিল ইউজার ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন ম্যানেজমেন্ট, পুলিশ স্টেশন সংক্রান্ত বিভাগ, রিপোর্ট, অভিযোগ নিষ্পত্তি, চাকরির আবেদন, চিঠিপত্র এবং তথ্য আমদানি-রপ্তানির মতো গুরুত্বপূর্ণ ফিচার। পুরো প্যাকেজের দাম রাখা হয়েছিল ৫০০ মার্কিন ডলার। সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগের জন্য বিজ্ঞাপনে নিজের টেলিগ্রাম হ্যান্ডলও দিয়েছিল অভিযুক্ত। বিষয়টি সামনে আসার পর তদন্তে নামে দিল্লি পুলিশের বিশেষ দল। তারপর বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে ওই কিশোরের পরিচয় ও অবস্থান খুঁজে বের করে পুলিশ। এরপরই ১৪ বছরের ওই কিশোরকে আটক করা হয়। তবে পোর্টাল থেকে বাস্তবে কতটা তথ্য হাতানো হয়েছিল, কোনও তথ্য বাইরে পাচার হয়েছে কি না এবং বিক্রির বিজ্ঞাপনে করা সমস্ত দাবির সত্যতা কতটা তা নিয়ে তদন্তের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।



