Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

বাঁধা গতের বাইরে চাকরির সুযোগ

স্নাতক স্তরে অর্চিতার বিষয় ছিল ইংরেজি সাহিত্য। কিন্তু পড়তে পড়তেই সে বুঝতে পারে সাহিত্যের প্রতি টানের চেয়ে ভাষার প্রতি আগ্রহ তার অনেক বেশি।

বাঁধা গতের বাইরে  চাকরির সুযোগ
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০

চলতি বিষয় না পড়লে চাকরি বা আয়ের সুযোগ কেমন? তা নিয়েই চলছে এই বিভাগ। মতামত জানালেন বিশেষজ্ঞরা। 

Advertisement

 

স্নাতক স্তরে অর্চিতার বিষয় ছিল ইংরেজি সাহিত্য। কিন্তু পড়তে পড়তেই সে বুঝতে পারে সাহিত্যের প্রতি টানের চেয়ে ভাষার প্রতি আগ্রহ তার অনেক বেশি। আর শুধু ইংরেজি বা বাংলা বলে নয়, আমাদের দেশের অন্যান্য রাজ্যের ভাষাও বেশ খানিকক্ষণ মন দিয়ে শোনার পর খানিকটা বুঝতে পারে সে। অথচ সেই ভাষা কোনওদিনও শেখেইনি অর্চিতা। নিজের এই সহজাত পছন্দ কাজে লাগিয়ে এখন রীতিমতো রোজগেরে হয়ে উঠেছে সে। ভাষার প্রতি টান থাকলে তাকে কাজে লাগানোর পরামর্শ দিলেন ইনস্টিটিউট অব ফরেন ল্যাঙ্গুয়েজেস-এর অধ্যাপক দীপক প্রধান।  তাঁর কথায়, ‘ভাষা সম্বন্ধে জ্ঞান থাকলে বিদেশি ভাষা শেখা সহজ হয়। আর বিদেশি ভাষা শিখে আজকাল বিভিন্ন ধরনের পেশায় আসা সম্ভব। ফলে একাধিক বিদেশি ভাষা জানা থাকা ভালো। যত অল্প বয়স থেকে ভাষা শিক্ষা শুরু করা যায় ততই ভালো। কারণ যে কোনও কিছুতেই ধারণা তৈরি করতে হলে ছোটবেলায় যতটা ভালো তা করা যায়, বয়সকালে ততটা ভালো হয় না।’

পেশার ধরন
বিদেশি ভাষা জানা থাকলে কেমন ধরনের পেশায় আসা সম্ভব? অধ্যাপক দীপকের কথায়, দোভাষী বা ইন্টারপ্রেটর হিসেবে তো কাজ পাওয়া সম্ভব বটেই, তাছাড়াও আছে অনুবাদকের কাজ। এই কাজটি এখন খুবই বেশি মাত্রায় পাওয়া যাচ্ছে। যে কোনও বই বা পত্রিকা একাধিক ভাষায় বানানোর কদর বেড়ে গিয়েছে। দোকানের ব্রোশিওর থেকে বেড়ানোর বিজ্ঞাপন বা ওষুধের বিবরণ সবই এখন একাধিক ভাষায় লেখা হয়। সেক্ষেত্রে আপনি যত বেশি ভাষা জানবেন ততই এই ধরনের কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। 
এছাড়া ব্যবসা ক্ষেত্রেও বিদেশি ভাষা জানা থাকলে প্রচুর লাভ। আপনি দেশে এবং বিদেশে নিজের ব্যবসা চালু করতে পারেন। বিদেশি বিভিন্ন ব্যবসায় কাজের সুযোগ পেতে পারেন। আরও আছে পর্যটনক্ষেত্র। বিদেশি ভাষা জানা থাকলে পর্যটনক্ষেত্রে নানারকম কাজের সুযোগ পাবেন। ট্যুর ম্যানেজার, কাস্টমার কেয়ার এক্সপার্ট, হোটেল সেক্টর, ইত্যাদি নানা কাজে আপনি সমান স্বচ্ছন্দ হয়ে উঠতে পারবেন। হোটেলের ম্যানেজার বা ফ্রন্ট অফিসের চাকরিও পাবেন। যত বেশি ভাষা জানা থাকবে ততই আন্তর্জাতিক পর্যটকদের সঙ্গে কথা বলা, তাদের প্রয়োজন বুঝে কাজ করা ইত্যাদি সুবিধাজনক হবে। 
এছাড়া সরকারি নানা ধরনের চাকরিতেও ইন্টারপ্রেটর, ট্রান্সলেটর ইত্যাদির প্রয়োজন হয়। ফলে বিদেশি ভাষা জানলে কাজের প্রচুর সুযোগ পাবেন। 

নিজস্ব ব্যবসা
অনুবাদকদের এখন কদর খুবই বেশি। একাধিক ভাষা জানা থাকলে অনুবাদক হিসেবে ফ্রিলান্স কাজ করতে পারেন। নিজস্বভাবে এমন কাজ করতে চাইলে তাও সম্ভব। একাধিক সংস্থার সঙ্গে যুক্ত হয়ে অনুবাদের কাজ করাও সম্ভব। একাধিক ভাষায় লেখালিখি করতে চাইলে ব্রোশিওর, প্যামফ্লেট, লিটারেচার সবই নিজস্বভাবে করতে পারেন। একাধিক সংস্থার সঙ্গে যুক্ত হয়ে এই ধরনের কাজ করতে পারেন। পর্যটন সংস্থাগুলোর সঙ্গে যুক্ত হয়ে নিজস্বভাবে তাদের বিজ্ঞাপন বানিয়ে দিয়ে রোজগার করতে পারেন। যত বেশি ভাষায় বিজ্ঞাপন তৈরি করতে পারবেন রোজগারের সুযোগ ততই বাড়বে। এখন যে ধরনের পর্যটন মেলা হয় সেখানে অনেক পর্যটন সংস্থাই একাধিক ভাষায় নিজেদের ব্রোশিওর বিলি করতে চান। তাতে আরও বেশি মাত্রায় পর্যটক আকর্ষণ করা সম্ভব হবে। পর্যটন ব্যবসার ক্ষেত্রে ট্যুর গাইড হিসেবেও কাজ করতে পারেন। নিজস্ব সংস্থায় কাস্টমাইজড বেড়ানোর সুযোগ করে দিতে পারেন। এতে বিদেশি পর্যটকের সঙ্গে যেমন অনায়াসে কথা বলতে পারবেন বা তাঁদের চাহিদা বুঝে সেই মতো বেড়ানোর প্ল্যান ছকে দিতে পারবেন, তেমনই আবার বিদেশে বেড়ানোর ব্যবস্থা করতেও অনায়াসে সক্ষম হবেন।  

পড়ানোর কাজ
বিদেশি ভাষা শেখানোর কাজও করা যায়। নিজস্ব সংস্থা খুলে কাজ করতে পারেন। না হলে অন্য কোনও সংস্থার সঙ্গে যুক্ত হয়ে পড়াতে পারেন। পার্টটাইম পড়ানোর কাজও করা সম্ভব। নিজে যদি একাধিক ভাষা জানেন তাহলে প্রাইভেট টিউটর হিসেবেও বিদেশি ভাষা শেখানো বা ফরেন ল্যাঙ্গুয়েজ ট্রেনার হিসেবে কাজ করতে পারেন। অনলাইনে কাজ করার সুযোগ এখন প্রচুর। ফলে যে কোনও সময়ে দেশে এবং বিদেশে বিদেশি ভাষা শেখাতে পারেন। বাড়িতে বসেও নিজস্ব সময় অনুযায়ী রুটিন করে বিভিন্ন ব্যাচে ছাত্র পড়াতে পারেন। 

কনটেন্ট লেখার কাজ
আধুনিক যুগের একটা জনপ্রিয় রোজগারের উপায় হল কনটেন্ট ক্রিয়েশন। বিভিন্ন ক্ষেত্রে তা কাজে লাগে। সেই কনটেন্টের কাজও খুবই সহজে ও অনেক বেশি মাত্রায় করতে পারবেন একাধিক ভাষা জানা থাকলে ও তার উপর দখল থাকলে। সমাজ মাধ্যমে এই ধরনের কাজের সুযোগ ও কদর দুই-ই রয়েছে। ব্লগ, ওয়েবসাইট থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া সর্বত্রই কনটেন্টের নানাবিধ কাজ হচ্ছে আজকাল। ফলে সেই ধরনের কাজেও ভাষা বিষয়ে জ্ঞান থাকলে রোজগারের সুযোগ বেশি। এবং যত বেশি ভাষা জানবেন ততই রোজগারের সুযোগ বেশি থাকবে। 

সরকারি কাজের সুযোগ
বিদেশি দূতাবাস, কনস্যুলেট ইত্যাদিতেও চাকরি পেতে পারেন। একাধিক ভাষা জানা থাকলে এই ধরনের কাজের সুযোগ খুবই বেশি। তবে তার জন্য বিভিন্ন সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আন্তর্জাতিক সম্পর্ক তৈরি, বিদেশি ভাষা বুঝে সেই অনুযায়ী অতিথি আপ্যায়ন, সরকারি এমন নানা ধরনের কাজের সুযোগ রয়েছে। 

নিজেকে তৈরি করুন
এই ধরনের কাজ পাওয়ার 
জন্য বা তা দক্ষ হাতে 
সামলানোর জন্য কিছু প্রস্তুতি প্রয়োজন। প্রথমেই ক্ষেত্র নির্বাচন করতে হবে। আপনি পর্যটন ক্ষেত্রে কাজ করবেন, পড়াবেন, কনটেন্টের কাজ করবেন নাকি ইন্টারপ্রেটর কিংবা অনুবাদক হবেন, সেটা প্রথমে ভেবে নিন। সেই অনুযায়ী নিজেকে তৈরি করুন। প্রতিটি ক্ষেত্রেই ভাষা, বলার ধরন ইত্যাদি আলাদা। কনটেন্টের কাজ করতে চাইলে কোন ধরনের কনটেন্ট নিয়ে কাজ করবেন সেটা ঠিক করুন। ফ্যাশন, নিউজ, খাওয়াদাওয়া সবেরই কিন্তু আলাদা ভাষা রয়েছে। সেটা না জানা থাকলে কাজ করা বা তা ভালোভাবে 
করা সম্ভব নয়। পড়াতে চাইলে অ্যাপ্রোচটাই আলাদা হবে। 
তখন শেখানোর দিকটাই মুখ্য হয়ে উঠবে। আবার কনস্যুলেট, দূতাবাসে চাকরি করতে চাইলে সরকারি ভাষা, আদবকায়দা জানা দরকার। এই ধরনের জিনিসগুলো মাথায় রেখে 
তবেই কাজে নামুন। 
নিজের দক্ষতার জায়গা কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করুন। 
কমলিনী চক্রবর্তী

সম্পর্কিত সংবাদ