নয়াদিল্লি: মধ্যপ্রদেশের ইন্দোরের পর এবার যোগীরাজ্যের গ্রেটার নয়ডা। ফের দূষিত জল পান করে অসুস্থ বহু বাসিন্দা। অভিযোগ, পানীয় জলের পাইপে নিকাশি নালার জল মিশে যাওয়ার কারণেই ডেলটা ১ সেক্টরে এই বিপত্তি। যদিও গ্রেটার নয়ডা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির পাল্টা দাবি, পানীয়ের জল পরীক্ষা করা হয়েছে। তাতে কোনও সমস্যা নেই। প্রশাসনের এই তত্ত্ব মানতে চাননি রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট তথা স্থানীয় বাসিন্দা ঋষিপাল ভাটি। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, পানীয়ের পাইপলাইনে লিকেজ রয়েছে। তার সঙ্গে নিকাশির জল মিশে যাওয়ার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। তিনি আরও জানিয়েছেন, দূষিত জল পান করার পর ৬-৭টি পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। বমি, জ্বর, পেটের সমস্যার মতো নানা উপসর্গ দেখা দিয়েছে। অন্যান্য ব্লকেও এর আগে একই সমস্যা দেখা দিয়েছিল। বেটা ১ সেক্টরের বাসিন্দা হরেন্দ্র ভাটি জানিয়েছেন, নিকাশির বেহাল অবস্থার কারণে নোংরা জল নালা উপচে ঘরে ঢুকে পড়ছে।



