আলুর বস্তার আড়ালে গোরু পাচার, গ্রেপ্তার ২
  • ২১ নভেম্বর, ২০২৬ ১৬:২৩
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: মুখ্যমন্ত্রীর নির্দেশিকা সত্ত্বেও হুঁশ ফেরেনি পাচারকারীদের। পুলিশের চোখে ধুলো দিয়েই দেদার চলছিল গোরুপাচার। এবার সেই পাচারের ছক বানচাল করল পুলিশ। আলুর বস্তার নীচে রাখা হয়েছিল গোরুগুলিকে। বাইরে থেকে দেখে মনে হবে সাধারন একটি আলু বোঝাই লরি। কিন্তু লরিটা সন্দেহজনক মনে হয় পুলিশের। তখনই লরিটিকে আটক করা হয়। তল্লাশি চালাতেই আলুর বস্তার নীচ থেকে বেরিয়ে এল নয়টি গোরু। অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাট এলাকায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। 

Advertisement

জানা গিয়েছে, ধৃতদের নাম মোস্তাফিজুর রহমান ও নজরুল হক। দুইজনেই অসমের বাসিন্দা। এদিন গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। মাদারিহাট থানার সামনে ৪৮ নম্বর এশিয়ান সড়কে সন্দেহভাজন ওই লরিটিকে আটক করা হয়। তল্লাশি চালাতেই সামনে চলে আসে পাচারের অভিনব কৌশল। লরির উপরে রাখা ছিল আলুর বস্তা। কিন্তু সেই বস্তার নীচে লুকিয়ে রাখা হয়েছিল মোট নয়টি গোরু। গাড়িটি জলপাইগুড়ি থেকে অসমের দিকে যাচ্ছিল। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। মামলা দায়ের করে ঘটনাটির তদন্ত শুরু করেছে তদন্তকারী আধিকারিকেরা।