নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার পুলিশের জালে বিজেপির এক যুব কার্যকর্তা। এনজেপি এলাকায় তার বাড়ি। অভিযোগ, চোরাই সোনা বিক্রিতে মধ্যস্থতা করেন তিনি। শুক্রবার তাকে আটক করে এনজেপি থানার পুলিশ। এনিয়ে চলতি সপ্তাহে দুই বিজেপি নেতাকে ধরল পুলিশ। ইতিমধ্যে বিজেপি একজনকে বহিষ্কার করেছে। সেই সঙ্গে ‘শুদ্ধিকরণ’ অভিযানে নামছে পদ্ম শিবির। তাদের স্ক্যানারে দলের সর্বস্তরের নেতা-কর্মীরা। সমগ্র পরিস্থিতি নিয়ে স্থানীয় রাজনীতিতে জোর শোরগোল পড়েছে।
বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অরুণ মণ্ডল ওই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। বিজেপির যুব মোর্চার শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি সৌরভ সরকার অবশ্য বলেন, সংগঠনের ওই নেতাকে পুলিশ কেন থানায় ডেকে নিয়ে গিয়েছে, তা স্পষ্ট নয়। তবে যদি কোনো অন্যায় কাজ করে থাকে, তা হলে তার পাশে দাঁড়াবে না সংগঠন। এক্ষেত্রে আইন আইনের পথে চলবে। অভিযোগ প্রমাণের পর দলও অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।
সোনার গহনা চুরির ঘটনার তদন্তে ওই নেতার সংস্রব পেয়েছে পুলিশ। বিজেপির যুব মোর্চার ডাবগ্রাম-ফুলবাড়ি ৩ নম্বর মণ্ডল কমিটির পদাধিকারী। পেশায় ফুল ব্যবসায়ী। ব্যবসায়ী সংগঠনের পদেও রয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে চোরাই সোনা এনজেপির একটি দোকানে গলানো হয়। এরপর সেটি বিক্রি করা হয়। সোনার ওজন ছিল প্রায় ১৪ গ্রাম। ঘটনায় জড়িত দুষ্কৃতীকে অভিযুক্ত সহযোগিতা করেছে বলে অভিযোগ। সোনার দোকান ঠিক করে দেওয়া ও বিক্রি করায় মধ্যস্থতা করেন তিনি।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক অফিসার বলেন, ওই চুরির ঘটনা নিয়ে তদন্ত চলছে। তদন্তের প্রয়োজনে এক বিজেপি নেতাকে আটক করা হয়েছে।
কয়েকদিন আগেই নৌকাঘাট এলাকায় লরি থেকে তোলাবাজির অভিযোগ ওঠে বিজেপির ওবিসি মোর্চার এক পদাধিকারীর বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আরএক নেতার বিরুদ্ধে অভিযোগ। এনিয়ে দলের অন্দরেই জোর চর্চা শুরু হয়েছে।
দলের একাংশের বক্তব্য, সংশ্লিষ্ট দু’টি ঘটনাই এনজেপি থানার অধীনে। যা ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে। এলাকায় দলের ছত্রছায়ায় একাংশ অপরাধমূলক কাজকর্ম করছে বলে অভিযোগ। এনিয়ে দলের জেলা নেতারা চরম অস্বস্তিতিতে পড়েছেন। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি বলেন, তোলাবাজিতে অভিযুক্তকে ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ বিভিন্ন নেতা-মন্ত্রীদের হুঁশিয়ারির পরও দলের একাংশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠছে। তাই রাজ্য সরকার গঠনের ছ’মাসের মধ্যেই দলকে শুদ্ধিকরণের পথে হাঁটতে হচ্ছে। দলের জেলা সভাপতি বলেন, সকলেই দলের স্ক্যানারে রয়েছেন। দল বিরোধী কাজ করলেই ব্যবস্থা নেওয়া হবে। কেউ পার পাবেন না।



