আলিপুরদুয়ার জংশন:  জায়গা খালি করার নোটিস: ডিআরএম অফিসে বিক্ষোভ
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: জায়গা খালি করার নোটিস দেওয়ায় আলিপুরদুয়ার জংশনে রেলের বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভ চলছেই। উচ্ছেদের বিরুদ্ধে শুক্রবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারের ডিআরএম অফিসের সামনে জংশন এলাকার ব্যবসায়ীদের বিক্ষোভ আছড়ে পড়ে। ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতির ব্যানারে নর্থ পয়েন্ট, ডিআরএম চৌপথি, লোকোশেড চৌপথি, জংশন স্টেশন, লিচুতলা ও কাঁঠালতলা ইউনিটের ব্যবসায়ীরা এই বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন। 

Advertisement

সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখা হয়। কয়েক হাজার ব্যবসায়ী সকালে জংশন স্টেশনে জমায়েত হয়ে মিছিল করে ডিআরএম অফিসে আসেন। মিছিল ডিআরএম অফিসের গেটে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে রেল পুলিশের সঙ্গে রাজ্য পুলিশও মোতায়েন ছিল। ডিআরএম অফিসে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীরা বচসায় জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত পুলিশ পিছু হটতে বাধ্য হয়। মিছিল ডিআরএম অফিসের সামনে পৌঁছয়। সেখানে বিক্ষোভ সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা এই উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন। পরে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল ডিআরএম অফিসে স্মারকলিপি জমা দেয়। বিক্ষোভে শামিল হয়েছিল আলিপুরদুয়ার চেম্বার অব কমার্সও। 
প্রসঙ্গত, এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের কালীপুজোর মণ্ডপ উদ্বোধন করতে এসে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছিলেন, রেলের উন্নয়নের কাজে উচ্ছেদ হবেই। পরে রেলের তরফে জংশনে বসবাসকারী পরিবার, ক্লাব ও ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিস ধরানো হয়। এ ব্যাপারে রেলের তরফে মাইকিংও করা হয়। রেলের জমিতে থাকা ক্লাবগুলি ইতিমধ্যেই মিছিল করে ডিআরএম অফিসে স্মারকলিপি জমা দিয়েছে। এবার ব্যবসায়ীরা বিক্ষোভ দেখাল। 
ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতির সম্পাদক তুষাররঞ্জন ঘোষ সরাসরি হুমকি দিয়ে জানিয়েছেন, এই উচ্ছেদের বিরুদ্ধে যতদূর যাওয়া যায় ততদূরেই যাওয়া হবে। জংশনে রেলের জমিতে কেউ ৫০ কেউ ১০০ বছর ধরে আছেন। ব্যবসা করছেন। উন্নয়নের জন্য যতটুকু জমি দরকার রেল নিতেই পারে। কিন্তু, উচ্ছেদ মানা সম্ভব নয়। যদিও ব্যবসায়ীদের এই প্রতিবাদ সভা নিয়ে ডিআরএম অফিসের কোনো আধিকারিক বক্তব্য দিতে চাননি।