সুখেন্দু পাল, বর্ধমান: অবৈধভাবে মহিলাদের ডিম্বাণু বিক্রির নেটওয়ার্ক সক্রিয় এরাজ্যেও। এজেন্টরা বিভিন্ন কাজের অছিলায় মেয়েদের হায়দরাবাদে নিয়ে গিয়ে বিশেষ প্রক্রিয়ায় ডিম্বাণু বের করে বিক্রি করছে। ক’দিন আগেই হায়দরাবাদ পুলিশ এই চক্রের পর্দা ফাঁস করেছে। সিন্ডিকেটের আটজনকে গ্রেপ্তারও করেছে। উদ্ধার হয়েছে ৪৩জন মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে নিখাদ পারভিন নামে একজন মহিলা রয়েছে। তার উপরই এরাজ্যে এজেন্ট নিয়োগ করার ভার বর্তেছিল। পারভিন বাংলার মহিলাদের হায়দরাবাদে নিয়ে যেত। তার সহযোগী এজেন্ট ছড়িয়ে ছিটিয়ে থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। রাজ্য পুলিশের এক আধিকারিক বলছিলেন, মৃলত গরিব বাড়ির মহিলারাই এই চক্রের শিকার হতেন। হায়দরাবাদে উদ্ধার হওয়া মহিলাদের মধ্যে এরাজ্যের কয়েকজনও রয়েছেন। তাঁরাও বিভিন্ন তথ্য দিয়েছেন। সেই মতো ‘ইনপুট’ পেয়ে তদন্তে ঝাঁপিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩০-৪০ হাজার টাকা কমিশন দিয়ে চক্রটি মহিলাদের ডিম্বাণু সংগ্রহ করত। যাতায়াত, খাওয়া-দাওয়া সহ অন্যান্য খরচ দিত। কীভাবে চলত ডিম্বাণু সংগ্রহের প্রক্রিয়া? তদন্তে উঠে আসছে, এরাজ্য থেকে মহিলাদের কাজ পাইয়ে দেওয়ার নাম করে নিয়ে গিয়ে প্রথমে একটি ঘরে রাখা হতো। পরে আইভিএফ সেন্টারে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা চলত। বিভিন্ন ধরনের ইনজেকশন দেওয়া হতো। তারপর বিশেষ এক পদ্ধতিতে ডিম্বাণু সংগ্রহ করা হতো। তা পরে তা মোটা টাকায় বিক্রি করে দেওয়া হতো।
পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে কাজ করেন মতিউর রহমান। তিনি বলেন, ‘মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ এবং পূর্ব বধর্মানের বহু মহিলা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যান। তাঁদেরকে বিভিন্ন সময় প্রতারণার শিকার হতে হয়। কর্ণাটকের একটি নার্সিংহোমে কাজ করতে গিয়ে এরাজ্যের প্রায় ৪০জন মহিলা সমস্যায় পড়েছিলেন। তাঁদেরকে ঠিকমতো খাবার দেওয়া হচ্ছিল না। বেতনও বন্ধ করে দেওয়া হয়েছিল। বিভিন্ন ধরণের কাজ করতে চাপ দেওয়া হয়েছিল। পরে বিষয়টি জানতে পেরে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। কিছুদিন পর তাঁদের উদ্ধার করা হয়।’ তিনি আরও বলেন, শুধু ভিন রাজ্য নয়, বাইরের দেশেও কাজ দেওয়ার নাম করে মহিলাদের বাইরে নিয়ে গিয়ে সমস্যায় ফেলা হয়। রাজ্যে বহু দালাল রয়েছে। তারা অবৈধভাবেই আয় করে। পুলিশ এই ঘটনার তদন্ত করলে কোঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, হায়দরাবাদে ওই চক্রটি তিন চার বছর ধরে সক্রিয় ছিল। তারা এরাজ্যের পাশাপাশি উত্তরপ্রদেশ, বিহারের মহিলাদেরও সেখানে নিয়ে গিয়ে ডিম্বাণু সংগ্রহ করত। দরিদ্র মহিলারা অনেক সময় বাধ্য হয়েই তাদের প্রস্তাবে রাজি হয়ে যেত। বিষয়টি কাউকে না জানানোর জন্য তারা মহিলাদের কাছে থেকে মুচলেকা লিখিয়ে নিত। কিন্তু দীর্ঘদিন চলার পর কয়েকদিন আগে পর্দাফাঁস হয়ে যায়।



