নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার শিলিগুড়ির সঙ্গে সড়কপথে জুড়বে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র মায়াপুর! এজন্য সংশ্লিষ্ট নতুন রুটে বাস নামাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)। আগামীকাল, রবিবার তারা এই বাস পরিষেবা চালু করবে। সেইসঙ্গে রাস উৎসব উপলক্ষ্যে কোচবিহারে অতিরিক্ত বাস চালানোর পরিকল্পনা নিয়েছে এনবিএসটিসি। তারা ইতিমধ্যে এ ব্যাপারে বৈঠক করেছে।
উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি। এখান থেকে সহজে পাহাড়ে ও ডুয়ার্সে পাড়ি দেওয়া সম্ভব। তাই এই এলাকার সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র মায়াপুরকে জুড়তে চলেছে এনবিএসটিসি। মায়াপুর ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত। সংশ্লিষ্ট এলাকায় ভিড় করেন দেশ-বিদেশের পর্যটকরা। যাঁদের একাংশ উত্তরবঙ্গ ভ্রমণে আসেন।
নিগম কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন মহলের দাবি অনুসারেই শিলিগুড়ি-মায়াপুর এই নতুন রুটে ৫৬ আসন বিশিষ্ট বাস নামানো হচ্ছে। রবিবার আনুষ্ঠানিকভাবে বাসের উদ্বোধন করা হবে। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের মানুষ যেমন মায়াপুরে যেতে পারবেন, ঠিক তেমনি সেখান থেকে দেশ-বিদেশের পর্যটকরা আসতে পারবেন এখানে। সংশ্লিষ্ট রুট লাভজনক হবে বলেই মনে হচ্ছে।
উল্লেখ্য, পুজোর আগে আলিপুরদুয়ার জেলার জয়গাঁ-কলকাতা এবং মাস খানেক আগে শিলিগুড়ি-দক্ষিণ দিনাজপুরের মহিপাল রুটে বাস নামানো হয়। সংশ্লিষ্ট রুটগুলি নতুন। দু’টি রুটেই বাসের চাহিদা রয়েছে। যাত্রীদের ভিড় হচ্ছে।
এদিকে, এনবিএসটিসির সদর কার্যালয় রাজার শহর কোচবিহার। কয়েকদিন পর থেকেই সংশ্লিষ্ট শহরে শুরু হবে রাস উৎসব। এই উৎসবের সঙ্গে কোচবিহার জেলার আবেগ জড়িত। জেলার গ্রামগঞ্জ থেকে মেলায় ভিড় করেন বাসিন্দারা। তাঁদের সহায়তায় জেলায় অতিরিক্ত বাস চালানোর পরিকল্পনা নিয়েছে এনবিএসটিসি।



