সংবাদদাতা, নবদ্বীপ: আগামী ২৪ নভেম্বর নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসব। তার আগেই নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। টানা দু’ দিনের বৃষ্টিতে দুশ্চিন্তায় পড়েছেন নবদ্বীপের মৃৎশিল্পী থেকে মণ্ডপশিল্পীরা।
শনিবার রাত পোহালেই বেশ কয়েকটি বারোয়ারি পুজোর উদ্বোধন। তার আগে প্রতিমা ও মণ্ডপের কাজ শেষ করা নিয়ে চিন্তায় শিল্পীরা। আগামী ২২ নভেম্বর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নবদ্বীপের কয়েকটি ঐতিহ্যবাহী প্রতিমা উদ্বোধন করার কথা। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা নিয়ে দুশ্চিন্তা আরও বেড়েছে তাঁদের।
শুক্রবারও সকাল থেকে বৃষ্টির তীব্রতা একটু বাড়ে। এদিন নবদ্বীপের বেশকিছু মৃৎশিল্পীর কারখানা ও বারোয়ারিগুলিতে গিয়ে দেখা গেল, শিল্পীর কারখানায় এবং রাস্তার পাশে রাখা একাধিক প্রতিমা বৃষ্টির জলে ভিজে গিয়েছে। একই অবস্থা বারোয়ারির মণ্ডপেও। কোথাও প্রতিমার গায়ে মাটির কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও আবার প্রতিমা শুকোতে ব্যস্ত শিল্পীরা। বৃষ্টিতে এক বারোয়ারি থেকে অন্য বারোয়ারিতে মালপত্র নিয়ে যাতায়াত করতে বৃষ্টিতে ভিজতে হচ্ছে শিল্পীদের। বাঁশের ভাড়ায় উঠে কাজ করাও সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে প্রতিমার মাটি শুকোতেও বেশি সময় লাগছে। ফলে নির্ধারিত সময়ে প্রতিমা তৈরির কাজ শেষ করা নিয়ে সমস্যায় মৃৎশিল্পীরা।
শিল্পী দেবাশিস পাল বলেন, এবছর রাসে বারোটি প্রতিমার বায়না নিয়েছি। এর মধ্যে আটটি বড় ও ঐতিহ্যবাহী প্রতিমা রয়েছে। রণকালী, বামাকালী, পোড়ামাতলার কাঁসারী কালী, জোড়াবাঘ গৌরাঙ্গিনী মাতা, হরিসভা পাড়ার ভদ্রকালী, বাগচিপাড়ার নিত্যকালী, রামসীতা পাড়ার কৃষ্ণমাতা, বেনেপাড়ার আনন্দময়ী মাতা। প্রতিমাগুলির উচ্চতা ২২ থেকে ২৫ ফুট পর্যন্ত। আকারে বড় হওয়ায় ৮-১০ ফুটের প্রতিমাগুলি বাড়ির কারখানার বাইরে রাস্তার ধারে খোলামেলা জায়গায় তৈরি করতে হচ্ছে। বারোয়ারির প্রতিমাগুলি পুজো প্রাঙ্গণেই গিয়ে তৈরি করতে হয়। ফলে, বৃষ্টির কারণে মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে শিল্পীদের। যেভাবে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, তাতে কাজ শেষ না হওয়া পর্যন্ত দুশ্চিন্তায় থাকতে হবে। প্রকৃতির সঙ্গে রীতিমতো চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হচ্ছে আমাদের। তবে প্রতিমা তৈরির বরাত যখন নিয়েছি, তখন যে করেই হোক নির্দিষ্ট সময়ে তা পৌঁছে দিতেই হবে।
প্রবীণ মণ্ডপশিল্পী ধীরেন ভৌমিক বলেন, এবার রাস উৎসব উপলক্ষ্যে ছোটো-বড়ো মিলিয়ে মোট ১০ প্যান্ডেল তৈরি করছি। কিন্তু বৃষ্টির কারণে কাজে যথেষ্ট সমস্যা হচ্ছে। শ্রমিকরা কাজে আসতে পারছেন না। কতক্ষণই বা বৃষ্টিতে ভিজে কাজ করা সম্ভব! আশা করছি, বৃষ্টি কমলে দিনরাত এক করে পরিশ্রম করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারব। রাস উৎসবকে তো উপেক্ষা করা যায় না। এটা বিসর্জনের দিন নয় যে, দু’ দিন পরে বিসর্জন দিলেও চলবে। পুজোর নির্দিষ্ট সময়ের মধ্যেই প্যান্ডেলের কাজ সম্পূর্ণ করতে হবে। তবে বৃষ্টিতে বাঁশ পিচ্ছিল হয়ে যাওয়ায় নিরাপত্তার কথা ভেবেও কাজ বন্ধ রাখতে হচ্ছে। নিজস্ব চিত্র



