বিলাসবহুল মার্সিডিজে চড়ে সিউড়ি থানায় হাজিরা টুলু মণ্ডলের
  • ২১ নভেম্বর, ২০২৬ ১০:৪৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: শুক্রবার কলকাতার ভবানী ভবনে সিআইডি আধিকারিকদের জেরার মুখোমুখি হয়েছিলেন টুলু মন্ডল। তার রেশ কাটতে না কাটতেই আজ, জাল ডিসিআর কাণ্ডে তদন্তকারীদের মুখোমুখি হতে অবশেষে সিউড়ি থানায় হাজিরা দিলেন বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। শনিবার দুপুর ঠিক একটা নাগাদ বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ গাড়িতে চড়ে তিনি থানায় পৌঁছন। পুলিশ সূত্রে খবর, আজ দুপুর ১২টার মধ্যে সিউড়ি থানায় তাঁকে সশরীরে হাজিরা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর তিনি থানায় আসেন।

Advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত মঙ্গলবারই দেশে ফিরেছেন জাল ডিসিআর কাণ্ডের মূল অভিযুক্ত টুলু। তারপর শুক্রবার পাঁচ কোটি টাকা উদ্ধারের একটি পুরোনো মামলায় ভবানী ভবনে সিআইডির মুখোমুখি হন তিনি। দীর্ঘ কয়েক ঘণ্টা চলে জিজ্ঞাসাবাদ। একই দিনে সিউড়ি ও পাঁচামিতে তাঁর পেট্রোল পাম্প এবং ক্রাশার অফিসে ম্যারাথন তল্লাশিও চালান তদন্তকারীরা। এবার মূল মামলার জট খুলতে কোমর বেঁধে নেমেছে পুলিশ। বীরভূমের পাথর বলয়ে জাল ডিসিআর ব্যবহার করে সরকারকে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে টুলুর বিরুদ্ধে। এই চক্রের জাল কতদূর বিস্তৃত এবং এর নেপথ্যে আর কোন কোন প্রভাবশালী জড়িত, আজ সিউড়ি থানায় টুলুকে জেরা করে সেই তথ্যই জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। ফলে আজকের এই জিজ্ঞাসাবাদের দিকেই তাকিয়ে রয়েছে জেলার রাজনৈতিক ও প্রশাসনিক মহল।