সংবাদদাতা, ময়নাগুড়ি: মানুষ ভালোবাসার জন্য কী না করে। প্রেমিকাকে খুশি করার জন্য কেউ দামি উপহার দেন আবার কেউ চাঁদ এনে দেওয়ারও প্রতিশ্রুতিও দেন। কিন্তু প্রেমিকাকে আইফোন উপহার দেওয়ার জন্য এটিএম ভাঙতে চলে গেলেন এক যুবক। কিন্তু শেষরক্ষা হল না। এটিএম ভাঙতে গেলে অ্যালার্ম বেজে ওঠায় পালিয়ে যায় ওই যুবক। তবুও শেষমেশ পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম মলয় সেন। তার বাড়ি ময়নাগুড়ির সেনপাড়ায়। গত বুধবার ময়নাগুড়িতে একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের এটিএম ভাঙার অভিযোগ ওঠে। সেই ঘটনায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই এটিএমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নামে ময়নাগুড়ি থানার পুলিশ। বিভিন্নভাবে তল্লাশি চালানো শুরু করেন তাঁরা। শেষপর্যন্ত যে পোশাক পড়ে চুরি করতে গিয়েছিল, সেই পোশাকের সূত্র ধরেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
অভিযুক্তের দাবি, তার প্রেমিকার আইফোন কেনার ইচ্ছা ছিল। আর সেই ইচ্ছা পূরণ করতেই সে এটিএম লুট করতে গিয়েছিল। কিন্তু এটিএমে অ্যালার্ম বেজে ওঠায় মলয় ভয় পেয়ে পালিয়ে যায়। প্রেমিকার আইফোন কেনার শখ মেটাতে গিয়ে এমন বিপত্তিতে পড়বে সে ঘুণাক্ষরেও টের পায়নি। গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না তার।



